পয়লা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পাল্টে করা হল ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’।বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী শুক্রবার পয়লা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনের বিভিন্ন দিক জানাতে চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
শেখ হাসিনা জামানা বদলের পর এবারের পয়লা বৈশাখে বাংলাদেশের নববর্ষের অনুষ্ঠান ‘মঙ্গল শোভাযাত্রা’য় ইঙ্গিতপূর্ণ পরিবর্তন হবে বলে একটা জল্পনা তৈরি হয় কিছুদিন আগেই। এবার বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রার নাম বদলাতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন অন্তঃবর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তবে বদলে যাওয়ার শঙ্কা থাকলেও তখন বদল হয় নি ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম।
কিন্তু নতুন বছর উদযাপনের সময় এগিয়ে আসতেই সরাসরি মঙ্গল শোভাযাত্রা নিয়ে প্রশ্ন তোলে ইসলামী আন্দোলন বাংলাদেশ।প্রথম আলোয় প্রকাশিত তথ্য অনুযায়ী এই দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বাংলা নববর্ষ উদ্যাপনের কোনো আয়োজনে ইসলাম অসমর্থিত কিছু থাকা যাবে না বলে জানান। বুধবার দলের সিনিয়র নেতাদের সঙ্গে মতবিনিময় কালে তিনি ‘ মঙ্গল শোভাযাত্রা ’ নামে কোনো কিছু করা যাবে না বলেও উল্লেখ করেন।
ইসলামী আন্দোলন-এর বিবৃতিতে বলা হয়, ‘পয়লা বৈশাখ ঋতু সম্পর্কিত একটি বিষয়। এই অঞ্চলের মানুষের কৃষিকাজ, ব্যবসা-বাণিজ্য, বিয়ে শাদি সহ অনেক কিছুই ঋতুর সঙ্গে সম্পর্কিত। সে জন্য বাদশাহ আকবর ইসলামি বর্ষপঞ্জিকাকে ভিত্তি ধরে সৌরবর্ষ গণনার জন্য বাংলা সন প্রবর্তন করেছিলেন।এই সনের প্রবর্তনের সঙ্গে মুসলমানদের ইতিহাস-ঐতিহ্য জড়িত। একই সঙ্গে এই অঞ্চলের মানুষ হাজার বছর ধরে মুসলমান হওয়ার কারণে তাদের আচার-প্রথা ও সংস্কৃতিতে ইসলামবিরোধী কোনো কিছুর অস্তিত্ব কল্পনা করা যায় না। তাই বাংলা নববর্ষ উদযাপনের কোনো আয়োজনে ইসলাম অসমর্থিত কিছু থাকা যাবে না।’
বোঝাই যাচ্ছে ইসলামী আন্দোলন-এর এমন হুঁশিয়ারির পরেই বদলে গেল মঙ্গল শোভাযাত্রার নাম।শুক্রবার সংবাদ সম্মেলনে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন কমিটির আহ্বায়ক চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম বলেন, ‘আমরা মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করিনি, বরং আসল আনন্দ শোভাযাত্রা নামটি পুনরুদ্ধার করেছি।’ এর ব্যাখ্যায় তিনি বলেন, ‘১৯৮৯ সালের প্রথম শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে আনন্দ শোভাযাত্রা নামটি গৃহীত হয়েছিল। পরে যখন এর নাম মঙ্গল শোভাযাত্রা করা হয়, সেই পরিবর্তন একইরকম স্বতঃস্ফূর্ততার সঙ্গে ঘটেনি।’
হাসিনা হীন বাংলাদেশে এবার প্রথম থেকেই ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া শোভাযাত্রা ঘিরে প্রশ্ন উঠেছে। এবারের মঙ্গল শোভাযাত্রা হাইজ্যাক করার অভিযোগ উঠছে মহম্মদ ইউনুস প্রশাসন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ধর্মীয় কট্টরপন্থীদের বিরুদ্ধে। এর মধ্যেই পয়লা বৈশাখে বাংলাদেশের রাজধানী ঢাকায় মঙ্গল শোভাযাত্রা বর্জনের ঘোষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা।বুধবার ২৬ মার্চ রাতে চারুকলার ২৬তম ব্যাচের (চারুকলা ৭০) শিক্ষার্থীদের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে শিক্ষার্থীরা বলেছেন, “অনুষদে অধ্যয়নরত শিক্ষার্থী, ছাত্র প্রতিনিধি কারো সঙ্গে কোনো পূর্ব আলোচনা ছাড়াই এবারের নববর্ষের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের বৈশাখের আয়োজনের সঙ্গে আমাদের কোনো প্রকার সম্পৃক্ততা নেই।”
সব কিছু ছাড়িয়ে এবার বাংলাদেশে বৈশাখী উদযাপনের নামেই নেমে এল সরাসরি আঘাত।ফলে পরিবর্তনের বাংলাদেশে পয়লা বৈশাখ কতটা সুষ্ঠুভাবে পালিত হবে প্রশ্ন উঠতে শুরু করেছে তা নিয়েই।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
