নববর্ষের সকালেই রাজ্যে জালিয়াত চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পয়লা বৈশাখে যখন রাজ্য জুড়ে চলছে উৎসবের আমেজ, ঠিক সেই সময়েই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে অভিযান চালানো হল রাজ্যের মোট ৮টি জায়গায়। মূলত ভবানিপুর থানায় দায়ের হওয়া একটি ভুয়ো পাসপোর্ট মামলাকে ঘিরেই এই অভিযান।
ইডি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর থেকেই কলকাতা ও আশেপাশের বিভিন্ন এলাকায় — যেমন বিরাটি, বেকবাগান — অভিযান শুরু করে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডির একাধিক টিম। এই চক্রের সঙ্গে আন্তর্জাতিক যোগসাজশের সম্ভাবনাও উঠে এসেছে তদন্তে। অভিযুক্তদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক বলে ইতিমধ্যেই চিহ্নিত করেছে কলকাতা পুলিশ। ভবানিপুর থানার দায়ের করা চার্জশিটেও সেই তথ্য উঠে এসেছে।
সূত্র বলছে, ভুয়ো পাসপোর্টের মাধ্যমে দেশজুড়ে বেআইনি আর্থিক লেনদেন, এমনকি মানবপাচারের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না ইডি। এ পর্যন্ত যে নথিপত্র উদ্ধার হয়েছে, তাতে উঠে এসেছে একাধিক সংস্থার নাম, যারা এই জালিয়াত চক্রে সাহায্য করেছে বলে সন্দেহ করা হচ্ছে।
উল্লেখ্য, গতবছর প্রথম ভবানিপুর থানায় দায়ের হয়েছিল এই সংক্রান্ত মামলা। প্রাথমিকভাবে কলকাতা পুলিশ তদন্ত চালালেও পরবর্তীতে আর্থিক দিক বিবেচনায় সেই তদন্তভার যায় ইডির হাতে। ইডির ধারণা, এই চক্রের বিস্তার দেশের বাইরেও রয়েছে। ফলে শুধুমাত্র স্থানীয় পর্যায়েই নয়, আন্তর্জাতিক স্তরেও তদন্তের দৃষ্টি রেখে এগোচ্ছে তারা।
নববর্ষের দিন এই অভিযানে অনেকেই অবাক হলেও ইডি সূত্রে ইঙ্গিত, এটাই কেবল শুরু। তদন্ত যত এগোবে, আরও বিস্ফোরক তথ্য সামনে আসতে পারে। পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে পড়া এই চক্রকে সমূলে নির্মূল করতেই এবার কোমর বেঁধে নামছে কেন্দ্রীয় সংস্থা।
