মুর্শিদাবাদ: ওয়াকফ আইন ঘিরে মুর্শিদাবাদে ছড়ানো হিংসার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি লিখলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার মালদহ জেলার বৈষ্ণবনগরের পারলালপুর হাইস্কুলে আশ্রয় নেওয়া মুর্শিদাবাদের বাসিন্দাদের সঙ্গে দেখা করে তিনি তাঁদের অভিযোগ শোনেন। পরে রাজ্যপালের উদ্দেশে পাঠানো চিঠিতে তিনি বিচারবিভাগীয় তদন্তের দাবি জানান।
উল্লেখ্য, ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদের জেরে মুর্শিদাবাদের সুতি, সামসেরগঞ্জ সহ একাধিক এলাকায় অশান্তি ছড়ায়। সরকারি সম্পত্তি ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে রাজ্য পুলিশের পাশাপাশি বিএসএফ এবং আধাসেনা মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও বহু মানুষ তাঁদের ঘর ছেড়ে পাশের জেলা মালদহে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
সুকান্ত মজুমদার দাবি করেন, “যাঁদের বাড়িঘর ভাঙচুর হয়েছে, তাঁদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে। আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পথে আন্দোলন চালিয়ে যাব এবং আইনি লড়াইও করব।” তিনি জানান, মহিলারা যেসব অভিযোগ জানিয়েছেন, তা গুরুত্ব সহকারে বিবেচনা করে তিনি রাজ্যপালকে অনুরোধ করেছেন বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিতে।
চিঠিতে সুকান্ত মজুমদার আরও লেখেন, রাজ্য প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনীর সমন্বয়ে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে আশ্রয়গ্রহণকারী পরিবারগুলির নিরাপত্তা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সেইসঙ্গে দোষীদের কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন তিনি।
রাজ্য পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, গুজব রুখতে মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম।
মুর্শিদাবাদের হিংসা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া, রাজ্যপালের পদক্ষেপে নজর রাখছে সবাই।
