২০১৬ সালের এসএসসি নিয়োগ নিয়ে রাজ্য জুড়ে যতই বিতর্ক থাক, সুপ্রিম কোর্টের রায় ছিল স্পষ্ট ,‘দাগি’দের শুধু চাকরি নয়, ফেরত দিতে হবে পাওয়া বেতনও। কিন্তু সময় পেরোলেও রাজ্য সরকারের তরফে দেখা নেই কোনও পদক্ষেপের। আর সেই নীরবতাই এবার ডেকে আনল নতুন ঝড় কলকাতা হাই কোর্টে দায়ের হল আদালত অবমাননার মামলা।
বৃহস্পতিবার হাই কোর্টে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত জানান, শিক্ষা দফতরের সচিব, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং স্কুল কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। তাঁর বক্তব্য, “যাঁদের ‘দাগি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাঁদের বেতন ফেরতের স্পষ্ট নির্দেশ ছিল। অথচ এখনও কেউ এক পয়সাও ফেরত দেননি। উলটে পে-রোল পোর্টালেও তাঁদের নাম রয়েছে!”
এই মামলার মূল দুই অভিযোগ। এক, বেতন ফেরতের কোনও উদ্যোগ নেয়নি রাজ্য, দুই, প্রায় ২২ লক্ষ ওএমআর শিট প্রকাশের নির্দেশও অবহেলায় ফেলে রাখা হয়েছে। এই অভিযোগ তুলে হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের অনুমতি চাওয়া হয় এবং তৎক্ষণাৎ তা মঞ্জুর হয়। মামলার শুনানি হতে পারে সোমবার।
প্রসঙ্গত, ৩ এপ্রিল সুপ্রিম কোর্ট হাই কোর্টের আগের রায় বহাল রাখে এবং পুরো প্যানেল বাতিল করে দেয়। ফলে ২৫,৭৩৫ জনের চাকরি যায়। যদিও ‘অযোগ্য নন’ এমন প্রার্থীদের আপাতত স্কুলে যাওয়ার ছাড় দিয়েছে আদালত, এবং রাজ্যকে ৩১ মে-র মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশও দিয়েছে।
তবে বড় প্রশ্ন, রাজ্য কি সত্যিই পদক্ষেপ নেবে, নাকি ফের একবার আইনের নির্দেশকে উপেক্ষা করে সময় গড়াবে?
আদালতের কাঠগড়ায় এবার রাজ্যের সদিচ্ছাই সবচেয়ে বড় পরীক্ষা।
