সোশ্যাল মিডিয়ার যুগে পরিচয় চুরি এক ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে, আর এবার সেই সমস্যার মুখোমুখি হলেন জনপ্রিয় গায়ক সোনু নিগম। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি সতর্কবার্তা জারি করে তিনি জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় কেউ বা কিছু লোক তার নাম ব্যবহার করে মিথ্যা বার্তা পাঠাচ্ছে এবং নিজেকে তার টিমের সদস্য বলে দাবি করছে। এ ধরনের প্রতারণামূলক কাজ থেকে সাধারণ মানুষকে রক্ষা করতেই তিনি এই বার্তা দিয়েছেন।
সোনু নিগম স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি গত আট বছর ধরে টুইটার বা বর্তমান X প্ল্যাটফর্মে সক্রিয় নন। অথচ সেখানে তার নামে কিছু ভুয়ো অ্যাকাউন্ট চালানো হচ্ছে, যারা প্রায়ই বিভ্রান্তিকর বা বিতর্কিত পোস্ট করে থাকেন। তিনি তার অনুগামীদের অনুরোধ করেছেন, যেন তারা এই ধরনের অ্যাকাউন্ট থেকে আসা বার্তায় বিশ্বাস না করেন এবং সন্দেহজনক কিছু দেখলেই সঙ্গে সঙ্গে রিপোর্ট ও ব্লক করেন।
গায়কের ভাষায়, “আমার নজরে এসেছে যে কেউ আমার পরিচয় অনলাইনে অপব্যবহার করছে। দয়া করে মনে রাখবেন, আমার দলের কেউই কোনও ব্যক্তির সঙ্গে আমার পক্ষ থেকে যোগাযোগ করছে না। যদি কেউ নিজেকে আমার ম্যানেজমেন্ট টিমের সদস্য বলে পরিচয় দিয়ে আপনার সঙ্গে যোগাযোগ করে, তাহলে দয়া করে অত্যন্ত সতর্ক থাকুন।”
এছাড়াও, তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন, “আমি গত ৮ বছর ধরে X-এ নেই। কেউ কেউ আমার নামে অ্যাকাউন্ট চালিয়ে এমন সব পোস্ট করছে, যা বিভ্রান্তি সৃষ্টি করছে। এগুলো আমার নয়। এমন ভুয়ো পোস্ট বা প্রোফাইল দেখলে দয়া করে রিপোর্ট করুন এবং ব্লক করুন।”
এই বিষয়ে পোস্টের ক্যাপশনেও সোনু নিগম লিখেছেন, “আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করতে চাই। যদি আমার নামে কোনও সন্দেহজনক বা ভুয়ো বার্তা পাও, তাহলে অ্যাকাউন্টটি রিপোর্ট বা ব্লক করতে পারলে খুব ভালো হতো। আপনাদের সকলের সমর্থন ও বোঝাপড়ার জন্য ধন্যবাদ।”
তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন সেইসব শুভাকাঙ্ক্ষীদের প্রতি, যারা তাঁকে এই বিষয়ে সচেতন করেছিলেন। গায়ক লিখেছেন, “যারা আমাকে বিষয়টি জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। এবং যারা আমাকে দীর্ঘদিন ধরে নিঃস্বার্থভাবে সমর্থন করছেন, তাদেরকেও আন্তরিক ধন্যবাদ।”
এই সতর্কবার্তা শুধু সোনু নিগমের অনুগামীদের জন্য নয়, বরং সমস্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্যই এক গুরুত্বপূর্ন বার্তা। সাইবার প্রতারণা থেকে নিরাপদ থাকার জন্য সচেতনতা এবং দ্রুত প্রতিক্রিয়াই একমাত্র উপায়।
সোনু নিগমের এই উদ্যোগ নিঃসন্দেহে অনুকরণীয়। সোশ্যাল মিডিয়ায় যখন পরিচয়ের গণ্ডি ঘোলাটে হয়ে পড়ে, তখন তার মতন একজন সেলিব্রিটি নিজের অবস্থান স্পষ্ট করে জনসচেতনতা তৈরি করাটা সময়োচিত ও দায়িত্বশীল পদক্ষেপ।
আপনার যদি এই ধরনের কোনো বার্তা বা সন্দেহজনক অ্যাকাউন্ট চোখে পড়ে, তাহলে দয়া করে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে রিপোর্ট করুন এবং নিজেকে ও অন্যদের নিরাপদ রাখুন।
