ভারতীয় রেল পৃথিবীর অন্যতম বড় রেল নেটওয়ার্ক। সারা দেশে প্রায় ৭০ হাজার কিলোমিটার রেলপথ বিস্তৃত। এই বিশাল নেটওয়ার্কে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করেন।
ভারতে ট্রেন চলাচলের শুরু হয়েছিল ১৮৫৩ সালে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্যোগে। সেই সময় বোম্বে (আজকের মুম্বই) থেকে থানে পর্যন্ত চলেছিল ভারতের প্রথম ট্রেন। তারপর কেটে গেছে বহু বছর। আধুনিক হয়েছে ট্রেন, বদলেছে অবকাঠামো। তবে এখনো এমন একটি ট্রেন রয়েছে, যা দেড়শো বছরেরও বেশি সময় ধরে চালু রয়েছে—আর সেটিই হল কালকাজি এক্সপ্রেস, যা আজ অনেকেই নেতাজি এক্সপ্রেস নামেই চেনেন।
এই ট্রেনটি প্রথম চালু হয় ১৮৬৬ সালের ১ জানুয়ারি। শুরুতে এটি হাওড়া থেকে দিল্লি পর্যন্ত যাত্রী বহন করত। পরে যাত্রাপথ বাড়িয়ে দিল্লি থেকে হরিয়ানার কালকা পর্যন্ত নিয়ে যাওয়া হয়। হাওড়া থেকে কালকা পর্যন্ত এখনো প্রতিদিন ছুটে চলে এই ঐতিহাসিক ট্রেন।
এই ট্রেনের সঙ্গে জড়িয়ে রয়েছে এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার কথাও। বলা হয়, ১৯৪১ সালে নেতাজি সুভাষ চন্দ্র বসু যখন ব্রিটিশ নজরদারি এড়িয়ে দেশত্যাগ করেন, তখন তিনি ঝাড়খণ্ড থেকে এই কালকাজি এক্সপ্রেসেই চেপে বঙ্গপ্রদেশ ছেড়েছিলেন। সেই কারণেই ট্রেনটির সঙ্গে নেতাজির নাম জুড়ে গেছে—এখন অনেকেই একে ‘নেতাজি এক্সপ্রেস’ নামে ডাকেন।
দীর্ঘ সময় ধরে নিরবচ্ছিন্নভাবে চলা এই ট্রেন শুধু একটি বাহন নয়, এটি ভারতের ইতিহাস ও স্মৃতির এক জীবন্ত অংশ। প্রতিদিন হাজার হাজার যাত্রীকে বহন করলেও, এর প্রতিটি কামরায় যেন বহন করে চলে অতীতের এক টুকরো গল্প।
