রাজ্যে রাজ্যে সমীক্ষার মাধ্যমে রিপোর্ট দিতে বলল নির্বাচন কমিশন
সুদীপ্ত চট্টোপাধ্যায়
রাজ্যে রেজিস্টার্ড অথচ অস্বীকৃত রাজনৈতিক দলগুলোর আদৌ অস্তিত্ব আছে কি? এবার নির্বাচন কমিশনের নির্দেশে তা নিয়ে সমীক্ষা করতে চলেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। বেশ কিছুদিন ধরে একাধিক রাজ্যের অধিকাংশ অস্বীকৃত রেজিস্টার্ড রাজনৈতিক দলগুলির কাজকর্ম নিয়ে সন্দিগ্ধ নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে এই রাজনৈতিক দলগুলির রেজিস্টিকৃত কার্যালয়ের ঠিকানায় যোগাযোগ করার চেষ্টা করা হলে বা কোনও চিঠিপত্র পাঠালে তা যেমন ‘নো রিপ্লাই’ হয় তেমনি ওই নির্দিষ্ট ঠিকানায় যোগাযোগ করে কারো সন্ধান বা এধরনের কোন কার্যালয়ের কোনও হদিশ মেলেনি। নির্বাচন কমিশনে এই ধরনের রাজনৈতিক দলগুলির যে অডিট করানোর কথা তাও সেই বছর করা হয় না । এই অবস্থায় রাজ্যে রাজ্যে এই ধরনের রেজিস্টার্ড অথচ অস্বীকৃত রাজনৈতিক দলগুলোর সম্বন্ধে তথ্য সংগ্রহের নির্দেশ দিল নির্বাচন কমিশন। জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক এর মাধ্যমে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তরকে এই ধরনের রাজনৈতিক দলের বিশদ তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর থেকে জেলায় জেলায় নির্দেশ পাঠানো হয়েছে যে এ ধরনের রাজনৈতিক দলগুলোর আদৌ কোন অস্তিত্ব আছে কিনা বা রেকর্ডেড ঠিকানা অনুযায়ী তা সঠিক কিনা সবকিছু যাচাই করে তথ্য সম্বলিত রিপোর্ট পাঠাতে হবে। উল্লেখযোগ্য, পশ্চিমবঙ্গে স্বীকৃত রাজনৈতিক দলের সংখ্যা ৮। আর অস্বীকৃত অথচ রেজিস্টার্ড রাজনৈতিক দলের সংখ্যা প্রায় ৭০ টি। এর মধ্যে বেশিরভাগ অস্বীকৃত রাজনৈতিক দলের ক্ষেত্রেই এই ধরনের সমস্যা দেখা দিয়েছে। যদি এই অস্বীকৃত রাজনৈতিক দলগুলির হদিশ না মেলে বা রেজিস্টার্ড ঠিকানায় যদি তাদের সন্ধান না মেলে তাহলে তাদের কি ব্ল্যাক লিস্টেড করা হবে? রাজ্য মুখ্য নির্বাচনী দপ্তরের এক পদস্থ আধিকারিক জানান, ” এই সমীক্ষা রিপোর্ট নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে। তারপর আইনত কমিশন যা ব্যবস্থা নেওয়ার নেবে। এক্ষেত্রে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত।” উল্লেখযোগ্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে অস্বীকৃত রেজিস্টার্ড রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের বেশিরভাগই রাজ্যের অন্তর্ভুক্ত। কয়েকটি রাজনৈতিক দলের ঠিকানা ভিন রাজ্যেও রয়েছে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে এই তথ্যানুসন্ধান করা হবে বলেও মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর সূত্রে জানা গেছে।
