ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো শহর কলকাতায়। প্লাস্টিক ও টায়ারের গুদামে বিধ্বংস অগ্নিকাণ্ড। কালো ধোঁয়ায় থেকে গিয়েছে বাইপাস সংলগ্ন সমগ্র এলাকা। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। অগ্নিকান্ডের খবর বাবা মাত্রই ঘটনার স্থলে এসে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন। কিন্তু আগুন আর ধোঁয়ার দাপট অতিরিক্ত বেশি ছিল। যার কারণে কাজ শুরু করতে রীতিমত বেগ পেতে হয় দমকলকে। আশেপাশের বাড়ি গুলিতে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেদিকে নজর রাখছে পুলিশ। পরে আরো বেশ কিছু ইঞ্জিন ঘটনাস্থলে আসে।
এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা গাড়ি পাঠিয়ে দিয়েছি। কাজ হচ্ছে। আমাদের দু’জন সিনিয়র অফিসার ওখানে রয়েছেন। যেভাবে বেআইনিভাবে দাহ্য পদার্থ সবাই জমিয়ে রাখছে সেটা চিন্তার। আমরা তো আগুন নিভিয়ে দেব। কিন্তু, যাঁরা এ কাজ করছে তাঁদের সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। আমরা এ নিয়ে বারবার মাইকিং করছি, মিটিং করছি। কিন্তু, লাইসেন্স ছাড়াই প্লাস্টিক, টায়ার জমা করছে। ওখানকার কাউন্সিলরের সঙ্গে কথা হয়েছে। কর্পোরেশন থেকে যাতে বিষয়গুলি দেখা হয় সে কথা বলেছি।”
এদিন আগুনে তীব্রতা এতটাই বেশি ছিল যে পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিও আগুনের লেলিহান শিক্ষার গ্রাসে চলে যায়। চোখের পলকের মধ্যে লরিটি দাউ দাউ করে জ্বলতে থাকে। এই ঘটনায় যদিও এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, “অবস্থা খুব খারাপ। চারদিকে আগুন ছড়িয়ে গিয়েছে।” অন্য আরেক স্থানীয় বাসিন্দা জানান, “এখানে একটা ট্রান্সফরমার রয়েছে। ওটা থেকেই আগুন লেগেছে। তারপর তা আশপাশের কারখানায় ছড়িয়ে যায়।”
