সুদীপ্ত চট্টোপাধ্যায়
কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার। এই অগ্নিকাণ্ডে যারা জখম হয়েছেন তাদের ৫০ হাজার টাকা করে সাহায্য দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই অগ্নিকাণ্ডের ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। দমকল ও পুলিশের ৯৯ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। সংকীর্ণ রাস্তা ও ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে তার কাজে যথেষ্ট বেগ পেতে হয়েছে পুলিশ ও দমকলকে। এক্ষেত্রে স্থানীয় মানুষের সাহায্য এবং উদ্যোগকে প্রশংসা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন দম বন্ধ হয়ে অথবা হোটেলের উপর তলা থেকে নিচে ঝাঁপ দিতে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে অগ্নিকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেবে রাজ্য সরকার বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
