দিব্যেন্দু মজুমদার, হুগলি
হুগলির পুরশুড়ার চিলাডাঙ্গি রবীন্দ্র বিদ্যাবীথির ছাত্রী অয়ন্তিকা সামন্ত ২০২৫- এর মাধ্যমিক পরীক্ষায় ৬৮৬ নম্বর পেয়ে মেধাতালিকায় দশম স্থান অধিকার করার পাশাপাশি জেলায় মেয়েদের মধ্যে সম্ভাব্য প্রথম। উচ্চমাধ্যমিকে বিজ্ঞান শাখায় পড়াশোনা করার পর ভবিষ্যতে নিট পরীক্ষা দিয়ে চিকিৎসক হতে চায় অয়ন্তিকা। অয়ন্তিকার পুরো পরিবার ইসকনের ভক্ত।
মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর অয়ন্তিকা জানায় পরিশ্রম আর শ্রীমৎ প্রভুপাদ ও গুরু মহারাজের আশীর্বাদে আজ তার পক্ষে মাধ্যমিকে এই ফল করা সম্ভব হয়েছে। তার মতে পরিশ্রমের কোন বিকল্প নেই। পরিশ্রম করলে ফল পাওয়া সম্ভব। তবে একটানা বেশিক্ষণ পড়লেই যে ভালো ফল করা সম্ভব তা নয়। সে জানায় ভালো ফল করতে হলে পড়াশুনার বিষয়ে ধারাবাহিকতা বজায় রেখে মনোযোগ দিয়ে পড়াটা করে যেতে হবে। মেধাবী এই ছাত্রী স্কুল জীবন শুরু হওয়ার পর থেকেই প্রথম হয়ে এসেছে। অয়ন্তিকার বাবা নিতাই সামন্ত জানান তিনি মেয়ের এই সাফল্যে খুব খুশি। আগামী দিনে মেয়ে যতদূর পড়াশোনা করতে চায় করবে তারপর ভক্তজীবন অনুশীলন করবে। তাতে জীবনের উপর থেকে অনেকটা চাপ কমবে।
