পহেলগামে জঙ্গি হামলার প্রতিক্রিয়ায় ভারতের ‘অপারেশন সিঁদুর’ পাকিস্তানের হৃদয়, অর্থাৎ পঞ্জাবে আঘাত হেনেছে বলে দাবি করল বিজেপি। সোমবার ভারতীয় সশস্ত্র বাহিনীর এই পাল্টা অভিযানকে বিশ্বে বিরল ঘটনা হিসেবে অভিহিত করে বিজেপি বলেছে, ‘একটি পরমাণু শক্তিধর দেশে এমন সুনির্দিষ্ট এবং নিয়ন্ত্রিত সফল সামরিক অভিযান বিশ্বের ইতিহাসে বিরল।’
সোমবার সকালে অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে দলের অবস্থান স্পষ্ট করতে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র সাংবাদিক বৈঠকে বলেন, “এই অপারেশন তার নির্ধারিত লক্ষ্যে ১০০ শতাংশ সফল।” তিনি আরও জানান, রবিবার বিজেপি সভাপতি জেপি নড্ডা ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ-সহ দলের শীর্ষ নেতৃত্বের বৈঠকের পর বিজেপি ভবিষ্যতে এই অপারেশন নিয়ে পরিমিত এবং সুনির্দিষ্ট বক্তব্য রাখবে। মূলত সামরিক এবং কৌশলগত দিকের সাফল্য গুলি তুলে ধরা হবে। সম্বিত বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের মাটিতে অপারেশন সিঁদুরের কথা ঘোষণা করে বলেছিলেন—পাকিস্তানের মাটিতে থাকা জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হবে। আমাদের সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রিত, সংযত এবং নির্ভুল পদক্ষেপে সেই লক্ষ্য সম্পূর্ণ ভাবে অর্জন করেছে। এটি বিশ্বের ইতিহাসে প্রথম ঘটনা যেখানে একটি পরমাণু শক্তিধর দেশ অন্য একটি পরমাণু শক্তিধর দেশের কেন্দ্রস্থলে এমন নির্ভুল আঘাত হানল।”
তিনি আরও জানান, অপারেশন সিঁদুরের অংশ হিসেবে পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে ন’টি নির্দিষ্ট লক্ষ্যবস্তু এবং পাকিস্তানের বাহাওয়ালপুর, শিয়ালকোট-সহ গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালানো হয়েছে। পাশাপাশি পাকিস্তানী বায়ুসেনার পরিকাঠামোর প্রায় ২০ শতাংশই ধ্বংস করা হয়েছে। বিজেপি মুখপাত্র বলেন, “ভারতীয় সেনা অসাধারণ সাহস দেখিয়েছে। প্রধানমন্ত্রীর সাহসী সিদ্ধান্তের সঙ্গে মিলিয়ে এই অপারেশনে যারা ভারতের মাটিতে সন্ত্রাসী হামলার জন্য দায়ী ছিল, তাদের ঘাঁটি সম্পূর্ণ নির্মূল করা হয়েছে।”
‘অপারেশন সিঁদুর’ নিয়ে সেনার পাশে দাঁড়িয়েছে গোটা দেশ। সেনার বীরত্বে মুগ্ধ দেশবাসী। কিন্তু একই সঙ্গে প্রশ্ন উঠছে আমেরিকা থেকে ঘোষিত আচমকা যুদ্ধবিরতি নিয়ে। তবে সেই প্রশ্নের অভিমুখ সেনা নয় বরং সরকারের দিকে। যেমন প্রতিরক্ষা বিশেষজ্ঞ ব্রহ্মা চেলানি মনে করেন, ভারত নিশ্চিত জয়ের মুখ থেকে পরাজয় ছিনিয়ে এনেছে। কেন তিনি এমন মনে করেন সংবাদমাধ্যমে তাও জানিয়েছেন বর্ষীয়ান এই প্রতিরক্ষা বিশেষজ্ঞ। তিনি বলেন, “সেনা অভিযানে ভারত এগিয়েছিল। পাকিস্তান যা আশা করেছিল, তার তুলনায় তাদের এয়ার ডিফেন্স সিস্টেম যে অনেক দুর্বল, তা-ও স্পষ্ট হয়ে গিয়েছে। আর ভারত নির্দিষ্ট লক্ষ্যে তাদের ড্রোন এবং মিশাইলে পাল্টা কড়া জবাব দিয়েছে।”
Leave a comment
Leave a comment
