স্নিগ্ধা চৌধুরী
উত্তপ্ত মরুভূমির বাতাসে যেন বারুদের গন্ধ! ইসলামাবাদের ঘুম যেন উড়িয়ে দিল বালোচ লিবারেশন আর্মির (BLA) বজ্রনিনাদ। সীমান্তে যুদ্ধবিরতির পরও পাকিস্তানের গোপন হামলার পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা। আর ঠিক সেই সময়েই, পশ্চিম দিক থেকে হুঙ্কার তুলে BLA জানিয়ে দিল, আমরা আছি এক পাশে, পুব দিক থেকে ভারত শেষ পেরেকটা ঠুকে দিক!
জিয়ান্দ বালোচ নামের মুখপাত্র সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা বিবৃতিতে দাবি করেছেন, পাকিস্তান আজ একঘরে, হতাশ, ফাঁকা স্লোগানের আশ্রয়ে শান্তির ভান করছে। ওদের ইতিহাসে লেখা রয়েছে শুধু প্রতারণা আর রক্তঝরা সন্ত্রাস।
তাঁর ভাষায়, পাকিস্তান এখন পরমাণু হাতে থাকা এক রক্তলোলুপ মতাদর্শের বন্দুকধারী , যে দেশ নিজেই নিজের জনগণের প্রতি অবিশ্বস্ত, এবং গোটা বিশ্বকে বিপদের মুখে ঠেলে দিতে পারে।
এই আবহে ভারতকে দেওয়া বার্তা যথেষ্ট তীক্ষ্ণ। পশ্চিমে আমরা জাল বুনেছি, এবার পুব থেকে বজ্রাঘাত হোক ভারতীয় হাত দিয়ে। ভ্রাতৃত্ব, শান্তি, যুদ্ধবিরতি, সবই পাকিস্তানের নাটকীয় ছলনা।
বিশ্লেষকদের মতে, এই বার্তা কেবল একটি বিবৃতি নয়, বরং পাকিস্তানকে কাঁপিয়ে দেওয়ার মতো কূটনৈতিক সুনামি।
BLA স্পষ্ট করেছে, তারা ভারতের গোপন মিত্র নয়, বরং স্বাধীন বালুচিস্তানের স্বপ্নপূরণের লড়াইয়ে নেমেছে। কিন্তু এই দুই দিকের ধ্বংস-সাঁকো পাকিস্তানের জন্য অশনিসংকেত।
যুদ্ধ এখন শুধু সীমান্তে নয়! মনস্তত্ত্বে, বার্তায়, এবং আগুনঝরা কৌশলে!
