সিএবির প্রথম ডিভিশন সিনিয়র নক আউট ওয়ান ডে খেতাব জিতে নিল ভবানীপুর ক্লাব। মঙ্গলবার সল্টলেক যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ৫ রানে হারাল ইস্টার্ন রেলকে।
টস জিতে ফিল্ডিং নেয় ইস্টার্ন রেল। ভবানীপুর ৪৯.৫ ওভারে ২০৭ রান তুলেছিল। বিবেক সিং ৫৫, আমির গনি ৪২ ও অভিমন্যু ঈশ্বরণ ৩৫ রান করেন। নিখিল সিং ২৬ রানে তিনটি উইকেট পান। তন্ময় প্রামাণিক ও সৈকত দাস নেন ২টি করে উইকেট।
জবাবে খেলতে নেমে ৪৯.১ ওভারে ২০২ রানে থেমে যায় ইস্টার্ন রেল। রবি সিং করেন সর্বাধিক ৬৯। জেসল কারিয়া ও রাজকুমার পাল তিনটি করে উইকেট পেয়েছেন। রবি কুমার নেন ২ উইকেট। ক্রিকেটারদের উৎসাহিত করতে হাজির ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। ছিলেন সহ সভাপতি অমলেন্দু বিশ্বাস, ট্যুর অ্যান্ড ফিক্সচারস কমিটির চেয়ারম্যান সঞ্জয় দাস, অবজারভার কমিটির চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মল্লিক, আম্পায়ারস কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
