শঙ্খদ্বীপ মুখোপাধ্যায়
দমদমে লাইনচ্যুত হলো শিয়ালদহগামী বনগাঁ লোকাল। জানা গিয়েছে, বুধবার ট্রেনটি ৪ নম্বর প্লাটফর্ম থেকে ছেড়ে যাওয়ার সময়ে ১২ নম্বর কামরার চারটি চাকা লাইনচ্যুত হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ থেকে শুরু করে রেলের আধিকারিকরা। স্বাভাবিক ভাবেই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। আপাতত ট্রেনটি লাইনে তুলে শিয়ালদহের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হচ্ছে। দমদম অত্যন্ত ব্যস্ত স্টেশন। আপাতত ৪ নম্বর প্ল্যাটফর্ম ব্যবহার করা যাচ্ছে না। ১, ২, ৩ এবং ৫ নম্বর প্লাটফর্ম ব্যবহার করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালানো হচ্ছে রেলের তরফে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পরিষেবা কখন স্বাভাবিক হবে, আপাতত সেই দিকে সব নজর। গরমে রীতিমতো ভোগান্তিতে পড়তে হয়েছিল যাত্রীদের। এক নিত্যযাত্রী বলেন, ‘প্রথমে খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। তাড়াতাড়ি লাইনটা পরিষ্কার হলে সমস্যা মিটবে।’ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত অবশ্য বলেন, ১৫ থেকে ২০ মিনিটের জন্য পরিষেবার উপরে প্রভাব পড়েছিল। আপাতত পরিষেবা স্বাভাবিক হয়েছে। এই ঘটনার ফলে দমদম ক্যান্টনমেন্টে দাঁড়িয়ে রয়েছে ডাউন হাসনাবাদ লোকাল। ডাউন গোবরডাঙা লোকাল বিরাটিতে এবং পরের বনগাঁ লোকাল মধ্যমগ্রামে দাঁড়িয়ে রয়েছে। দমদমের পাঁচ বা দু’নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচল করাতে সময় লাগবে। ফলে পরিষেবা কার্যত ব্যাহতই হয়েছে ডাউন লাইনে। এর প্রভাব পড়েছে আপ লাইনেও।
