সুদীপ্ত চট্টোপাধ্যায়
শিল্পে লগ্নীবার্তা নিয়ে আজ ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী। বিশেষ বিমানে বাগডোগরা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির দীনবন্ধু হলে শিল্পপতিদের বিজনেস মিটে অংশ নেবেন তিনি। গত ফেব্রুয়ারি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে উত্তরবঙ্গে শিল্প লগ্নির আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই আবেদনের প্রেক্ষিতে ইতিমধ্যেই বেশ কিছু সাড়া মিলেছে। এবার সেই উৎসাহী শিল্পদ্যোগীদের কাছে রাজ্যের শিল্পায়ন এবং শিল্প স্থাপনে রাজ্য সরকারের ইতিবাচক উদ্যোগের কথা শিল্পপতিদের কাছে বিবৃত করবেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের এই বিজনেস মিটে উত্তরবঙ্গের বণিক সভা এবং রাজ্যের অগ্রণী শিল্পপতিরা ছাড়াও দেশি-বিদেশি অভ্যাগতরাও উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। শিল্পপতিদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কি কি সুযোগ-সুবিধা নেওয়া হয়েছে সেই বিষয়গুলো উত্তরবঙ্গের এই বিজনেস মিটে তুলে ধরবেন মুখ্যমন্ত্রী। ক্ষুদ্র ও কুটিরশিল্পে জোর দেওয়ার পাশাপাশি পর্যটন খাদ্য প্রক্রিয়াকরণ কৃষি বিপণন এবং উত্তরবঙ্গের চা শিল্পে বিশেষ গুরুত্ব ও সরকারি উদ্যোগের কথা তুলে ধরবেন মুখ্যমন্ত্রী বলে শিল্প দপ্তর সূত্রে খবর। ইতিমধ্যেই উত্তরবঙ্গের এই শিল্প বৈঠক নিয়ে শিল্পপতি বা ব্যবসায়ীদের মধ্যে আগ্রহ তুঙ্গে। উত্তরবঙ্গের এই বিজনেস মিট নিয়ে শিলিগুড়ি শহরে সাজ সাজ রব।
মূলত, চারদিনের এই উত্তরবঙ্গ সফরে আজকের শিল্প বৈঠকের পর আগামীকাল মঙ্গলবার জলপাইগুড়ির ওদলাবাড়িতে সরকারি জনসভা করবেন মুখ্যমন্ত্রী।
এই জনসভা থেকে সরকারি জনহিতকর প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস এবং পরিষেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে উত্তরবঙ্গবাসীর জন্য শিল্প থেকে প্রশাসনিক এবং রাজনৈতিক বার্তাও দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরদিন অর্থাৎ ২১ মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে প্রশাসনিক বৈঠক হবে উত্তরবঙ্গের সচিবালয় উত্তরকন্যাতে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলা প্রশাসনকে বৈঠকে থাকার নির্দেশ। দার্জিলিং ও কালিম্পংএর জন্য জিটিএ চেয়ারম্যানসহ সমস্ত আধিকারিকদেরও থাকার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনিক বৈঠকে। এই প্রশাসনিক বৈঠকে ভার্চুয়ালি থাকবে মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে জেলা প্রশাসন। সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন সাংসদ জন বার্লাকে উত্তরবঙ্গে চা বাগান সংগঠনের দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে রাজনীতিতে শুধু নয় সংখ্যালঘু সমাজের প্রতিনিধি হিসেবে জন বার্লাকে বিশেষ দায়িত্ব দেওয়ার কথাও এবারের উত্তরবঙ্গ সফরে ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী।
২২ মে বিকেলে কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রীর।
