ভারতের দেখাদেখি এবার পাকিস্তানও! হ্যাঁ, এবার সারা বিশ্বের কাছে নিজেদের অবস্থান তুলে ধরার জন্য কূটনৈতিক দল পাঠাতে তৎপর হয়ে উঠেছে পাকিস্তান। অপারেশন সিঁদুরের পটভূমিতে সন্ত্রাসবাদ মোকাবিলায় দেশের সংকল্প প্রকাশের জন্য গুরুত্বপূর্ণ এবং বন্ধু রাষ্ট্রগুলিতে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। ঠিক তার কয়েক ঘণ্টা পরেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘোষণা করলেন, তিনি তাঁর দেশের অবস্থান সকলের কাছে স্পষ্ট করার জন্য বিশ্বের গুরুত্বপূর্ণ রাজধানীগুলিতে একটি কূটনৈতিক দল পাঠাবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO) অনুসারে, শনিবার অর্থাৎ ১৭ মে প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারির সঙ্গে টেলিফোনে কথোপকথনের পর শাহবাজ শরীফ এই সিদ্ধান্ত নেন। পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলা এবং অপারেশন সিঁদুরের পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজদের জিরো টলারেন্সের বার্তা পৌঁছে দিতে ভারত চলতি মাসের শেষের দিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের সহ গুরুত্বপূর্ণ অংশীদার দেশগুলিতে সাতটি সর্বদলীয় প্রতিনিধিদল পাঠানোর ঘোষণা করার মাত্র কয়েক ঘন্টা পরেই নিজদের প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
রাষ্ট্র পরিচালিত রেডিও পাকিস্তান জানিয়েছে, জনাব শাহবাজ “ভারতের প্রচারাভিযান উন্মোচন করার জন্য গুরুত্বপূর্ণ বিশ্বের রাজধানীগুলিতে একটি উচ্চ পর্যায়ের কূটনৈতিক প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। আর প্রতিনিধিদলের নেতৃত্ব জনাব ভুট্টো জারদারির উপর অর্পণ করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।”
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করে এদিন প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি জানান, “আজ সকালে প্রধানমন্ত্রী আমার সঙ্গে যোগাযোগ করেন। তিনি আন্তর্জাতিক মঞ্চে শান্তির জন্য পাকিস্তানের মামলা উপস্থাপনের জন্য আমাকে একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার জন্য অনুরোধ জানান। এই দায়িত্ব গ্রহণ করতে এবং এই চ্যালেঞ্জিং সময়ে পাকিস্তানের সেবা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকতে পেরে আমি সম্মানিত বোধ করছি”।
বিলাওয়াল ভুট্টো জারদারি ছাড়াও, প্রতিনিধি দলে থাকবেন জ্বালানিমন্ত্রী মুসাদিক মালিক, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ নেতা খুররম দস্তগীর খান, সিনেটর শেরি রেহমান, প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী খার, মুত্তাহিদা কওমি মুভমেন্টের আইন প্রণেতা ফয়সাল সাবজওয়ারি এবং প্রাক্তন পররাষ্ট্র সচিব তেহমিনা জানজুয়া এবং জলিল আব্বাস জিলানি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রতিনিধিদলটি এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টার উপরও জোর দেবে। পাক উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, সাম্প্রতিক সংঘাতের বিষয়ে পাকিস্তানের অবস্থান তুলে ধরতে শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাসেলস, ফ্রান্স এবং রাশিয়া সফর করবে এই প্রতিনিধিদল।
