জল নিয়ে কাজিয়া। গৃহযুদ্ধেই জেরবার পাকিস্তান। প্রেসিডেন্ট আসিফ আলি জরদারির মেয়ে আসিফা ভুট্টোর কনভয়ে হামলা বিক্ষুব্ধ জনতার। পাক সংবাদমাধ্যম জিও নিউজ সূত্রে খবর, শনিবার করাচি থেকে সিন্ধের নবাবশাহে যাচ্ছিলেন আসিফা। পথে জামশোরো টোল প্লাজায় বিতর্কিত খাল প্রকল্প নিয়ে বিক্ষোভ দেখাছিল জনতা। সেখানে আসিফার কনভয় থামিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় এফআইআর রুজু করা হয়েছে।
জামশোরোর এসএসপি জানান, গত মাসে পাকিস্তান সরকার বিতর্কিত খাল প্রকল্প স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করে। তার পর থেকেই বিক্ষোভ শুরু। এমন কি লাঠিসোঁটা হাতে কনভয়ের গাড়িগুলিতে বেধড়ক মারা হয় বলেও অভিযোগ। তবে পুলিশি তৎপরতায় এলাকা ছেড়ে এগিয়ে যায় কনভয়।
হামলাকারীদের সরাতে দ্রুত পদক্ষেপ নেয় নিরাপত্তা বাহিনী। নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্ট কন্যা আসিফার গাড়ি। সিন্ধের জামশোরের এসএসপি জাফর সিদ্দিকী অবশ্য বলেন, এক মিনিটেরও কম সময় কনভয় থেমেছিল। কোনও ক্ষয়ক্ষতি হয়নি। আইনশৃঙখলা বিঘ্নিত হলে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে বলে জানান তিনি। ঘটনায় দায়ের হওয়া এফআইআর-এর ভিত্তিতে বেশ কয়েকজনকে ইতিমধ্যে গ্রেফতারও করা হয়েছে।
কাশ্মীরের পহেলগাওয়ে জঙ্গি হামলার পরই পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি রদের সিদ্ধান্ত নেয় ভারত। এর পরই পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বিতর্কিত চোলিস্তান খাল প্রকল্প স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করেন। সিসিআইতে পারস্পরিক বোঝাপড়া ও ঐক্যমতে না পোঁছনো পর্যন্ত পিপিপি (পাকিস্তান পিপলস পার্টি) ও পিএমএল-এন (পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ)-এর যৌথ সম্মতিতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই সিদ্ধান্তে সিন্ধ প্রদেশের মানুষ সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ। বিতর্কিত খাল প্রকল্পের মাধ্যমে পাকিস্তান সরকার আবারও তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে বলে দাবি সিন্ধের মানুষের। ইতিমধ্যেই পাকিস্তানের সিন্ধু, খাইবার পাখতুনখোয়া ও বালোচিস্তানে পঞ্জাবকেন্দ্রিক নীতি নিয়ে বিদ্রোহ শুরু হয়েছে। এমন কি বিক্ষোভকারীরা প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জারের বাড়িতে আগুনও ধরিয়ে দেয়। সেই ক্ষোভের আঁচ এবার স্বয়ং প্রেসিডেন্টের মেয়ের কনভয়ে।
