হরিয়ানার পঞ্চকুলায় রবিবার ঘটল মর্মান্তিক এক ঘটনা। দেহরাদুন থেকে আসা প্রবীণ মিত্তল ও তাঁর পরিবারের ছ’জন সদস্যকে মৃত অবস্থায় একটি গাড়ির ভিতরে পাওয়া যায়। এক জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হলেও পরে তাঁরও মৃত্যু ঘটে। ঘটনাটি ঘটে পঞ্চকুলার সেক্টর ২৭-এ। পুলিশের প্রাথমিক অনুমান, ঋণের দায়েই সম্ভবত গোটা পরিবারের আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত।
জানা গিয়েছে, স্থানীয়েরা একটি গাড়ির মধ্যে বসে থাকা সওয়ারিদের মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করেন। গাড়ির সওয়ারিদের গায়ে বমি লেগেছিল। নিজেদের মধ্যে ধস্তাধস্তি করছিলেন। তখনই স্থানীয় বাসিন্দা পুনীত রানা একজনকে গাড়ি থেকে টেনে বার করেন। কী হয়েছে জানতে চাওয়া হলে জবাব আসে, “আমিও পাঁচ মিনিটের মধ্যে মরে যাব। সবাই মিলে বিষ খেয়েছি। আমরা ঋণে ডুবে গেছি।” ভাইরাল ভিডিয়োয় স্থানীয়দের বলতে শোনা যায়, “ওকে একটু জল দাও। পুলিশ ডাকো, অ্যাম্বুলেন্স ডাকো।” ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কিন্তু স্থানীয়দের অভিযোগ, অ্যাম্বুলেন্স পৌঁছাতে প্রায় ৪৫ মিনিট সময় নেয়। ততক্ষণে গাড়ির ভিতরে থাকা বাকিরাও মারা যান। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে হচ্ছে। ঋণ শোধ করতে না পারার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মৃতদের মধ্যে রয়েছেন ৪২ বছরের প্রবীণ মিত্তল, তাঁর বাবা-মা, স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলে। তাঁরা সবাই মিলে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে বাগেশ্বর ধামে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে ফেরার পথে এই ঘটনা। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। ফরেনসিক দল নমুনা সংগ্রহ করেছে। দেহগুলি পঞ্চকুলার একটি বেসরকারি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
