সুদীপ্ত চট্টোপাধ্যায়
প্রত্যাশিতভাবেই আসন্ন রথযাত্রার দিনে রথের রশিতে টান দিতে আগামী ২৭ জুন দিঘার জগন্নাথ মন্দিরে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে এমনটাই জানানো হয়েছে। প্রতিবার রথের দিনে কলকাতার ইসকন মন্দিরের রথের রশিতে টান দিয়ে এবং সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে রথযাত্রার উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত অক্ষয় তৃতীয়ার শুভলগ্নে দীঘার জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর এবারের রথযাত্রা উৎসবের সূচনা হবে সমুদ্র সৈকতের এই জগন্নাথ মন্দির থেকেই তা আগাম ধরে নেওয়া হয়েছিল। নবান্ন সূত্রে জানানো হয়েছে, রথযাত্রা উৎসবের সূচনা কলকাতা থেকে নয়, দিঘার জগন্নাথ মন্দির থেকেই করবেন মুখ্যমন্ত্রী। যেহেতু দীঘার জগন্নাথ মন্দিরের পরিচালনভার ইসকনের হাতেই তুলে দিয়েছে রাজ্য সরকার তাই প্রতিবার কলকাতায় যেভাবে এই রথযাত্রা উদযাপনের ছবি দেখা যায়। দীঘাতেও সেই রীতি আচার মেনেই একই ছবি ফুটে উঠবে ইসকনের উদ্যোগে বলে মনে করা হচ্ছে। তবে এবারের রথযাত্রার উৎসবের তাৎপর্য একটু আলাদা বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তারাই। এমনিতেই পুরীর জগন্নাথ ধামের আদলে তৈরি হওয়া দিঘার জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর থেকেই সৈকত শহরে মানুষের ভিড় যেমন বেড়েছে তেমনি মানুষের মধ্যে যথেষ্ট ধর্মীয় ভাবাবেগ তৈরি হয়েছে । তার উপর প্রথমবার রাজ্য সরকারের উদ্যোগে তৈরি সৈকত শহর দিঘার এই জগন্নাথ মন্দিরে রথযাত্রা উদযাপন। স্বাভাবিকভাবেই প্রচুর ভক্ত সমাগম হবে রথযাত্রার দিনে সেকথা মাথায় রেখেই গুণীজন সমাগমে মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিকে নির্বিঘ্নে সম্পন্ন করতে কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হচ্ছে। ইতিমধ্যেই রথযাত্রা উপলক্ষে আজ বুধবার প্রথা মেনেই জগন্নাথদেবের স্নানযাত্রার শাস্ত্রীয় রীতি ও আচার অনুষ্ঠান শুরু হয়েছে দিঘার মন্দিরে। দীঘায় প্রথমবারের রথযাত্রা উৎসব পালনের নির্ঘন্ট থেকে সুরক্ষাব্যবস্থার রূপরেখা তৈরির জন্য আগামীকাল অর্থাৎ ১২ জুন রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্নে মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবারের এই বৈঠকে মুখ্যমন্ত্রীসহ রাজ্য পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তারা এবং দীঘার জগন্নাথ মন্দির ট্রাস্টের সদস্যরাও উপস্থিত থাকতে পারেন। বৈঠকে ডাকা হয়েছে ইসকনের প্রতিনিধিদেরও। বৈঠকে থাকার কথা পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক এবং পুলিশ সুপার সহ জেলা প্রশাসনের আধিকারিকদেরও।
