তাপমাত্রা প্রতি বছর একটু একটু করে বাড়ছে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এসি বিক্রি। বন্ধ ঘরে এসি চালিয়ে আরাম অনুভব করা যায় ঠিকই, তবে পরিবেশের উপর এর প্রভাব এড়ানো কার্যত অসম্ভব। কেন্দ্রীয় সরকার এই বিষয়টিতে নজর দিয়েছে ইতিমধ্যেই। এবার করা হতে পারে নয়া পদক্ষেপ। এয়ার কন্ডিশনারের তাপমাত্রার নিয়ন্ত্রণ এবার আর আপনি ঠিক করতে পারবেন না। বেঁধে দেওয়া হতে পারে এসি-র তাপমাত্রার উর্ধ্বসীমা ও নিম্নসীমা। পরিবেশ রক্ষায় নেওয়া হতে পারে বড় সিদ্ধান্ত।
জানা যাচ্ছে, এবার থেকে এসি-র নিম্নসীমা ২০ ডিগ্রি সেলসিয়াস ও উর্ধ্বসীমা ২৮ ডিগ্রি সেলসিয়াস নির্দিষ্ট করে দেওয়া হবে। মঙ্গলবার এই বিষয়ে কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহরলাল খট্টর এক সাংবাদিক বৈঠকে বলেন, এবার যে নতুন নিয়ম চালু করা হবে, তাতে তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নামানো যাবে না আর ২৮ ডিগ্রির বেশি বাড়ানো যাবে না। এসি-র তাপমাত্রা নিয়ে এমন সিদ্ধান্ত এটাই হবে প্রথমবার।
বিশেষজ্ঞরা মনে করছেন, একটি ঘরের আরামদায়ক তাপমাত্রা থাকে ২০ থেকে ২২ ডিগ্রির মধ্যে। ভারতে সবদিক বিচার করে এসি-র মাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রির মধ্যে থাকা উচিত বলেই মনে করেন বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় সরকার সব ‘স্টার’ যুক্ত এসি-র মাত্রা তাই ২৪ ডিগ্রিতে বেঁধে দিয়েছে।
এদিকে, ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এসি-র মাত্রা নির্ধারণ করতে সাধারণ মানুষের পরামর্শ চেয়েছিল গত মার্চ মাসে। এরপর সেই মাত্রা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই মাত্রা বেঁধে দেওয়ার মূল লক্ষ্য হল বিদ্যুতের খরচ কমানো ও জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে প্রভাব কমানো।
