সুদীপ্ত চট্টোপাধ্যায়
স্মার্ট মিটার নিয়ে কেন্দ্রের সঙ্গে এবার সরাসরি সংঘাতে রাজ্য। স্মার্ট মিটার নয়, এবার থেকে সেগুলোর ব্যবহার হবে সাধারণ মিটারের মতোই। তিন মাস পরেই মেটানো যাবে বিল। প্রিপেড নয় পোস্ট পেইড ব্যবস্থাই চালু থাকবে। বিধানসভায় বিবৃতি দিয়ে জানালেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। ইতিমধ্যেই রাজ্য বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার চালু করা হবে না। বুধবার বিধানসভা অধিবেশনে দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশে কিছু কিছু জায়গায় পরীক্ষামূলক ভিত্তিতে স্মার্ট মিটার লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছিলো। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের বিদ্যুৎ দফতর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যে কোনো স্মার্ট মিটার লাগানো হবে না।কোনো প্রি-পেইড হবে না।যেসব জায়গায় স্মার্ট মিটার লাগানো হয়েছিলো সেগুলিকে পূর্বতন মিটারের মতোই ধরা হবে। প্রসঙ্গত, রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় স্মার্ট মিটার নিয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছিলেন অধিবেশনে। সেই নির্দেশ অনুসারেই মন্ত্রী অরূপ বিশ্বাস রাজ্য সরকার কী চাইছে তা জানিয়ে দিয়েছেন।
ইতিমধ্যেই বিজেপি শাসিত রাজ্যে বাড়ি বাড়ি স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হয়ে গেছে। মহারাষ্ট্রে ২ কোটি ৪৮ লক্ষ স্মার্ট মিটারের প্রাথমিক অর্ডার দেওয়া হয়েছে। যার মধ্যে ইতিমধ্যেই ৩২ লক্ষ স্মার্ট মিটারে বিদ্যুত সংযোগ দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশে ৩ কোটি ৯ লক্ষ স্মার্ট মিটারের মধ্যে বসানো হয়েছে ৪০ লক্ষ। গুজরাটে ১ কোটি ৪১ লক্ষের মধ্যে বসানো হয়েছে ২৫ লক্ষ। মোট ১ কোটি ৭২ লক্ষ স্মার্ট মিটারের মধ্যে ইতিমধ্যেই বিহারে বসানো হয়েছে ৭০ লক্ষ। অসমে ৭০ লক্ষের মধ্যে ৩৮ লক্ষ এবং মধ্যপ্রদেশে মোট ৫৫ লক্ষ স্মার্ট মিটারের মধ্যে বিদ্যুত সংযোগ হয়েছে ২৪ লক্ষের।
কেন্দ্রীয় সরকার স্মার্ট মিটার বাধ্যতামূলক বলে বিজ্ঞপ্তি জারি করলে তার প্রেক্ষিতে কাজ শুরু হয় এ রাজ্যেও। কিন্তু বিদ্যুত সংযোগের পর প্রথম বিদ্যুত বিল যেতেই
সাধারণ মানুষের ক্ষোভ শুরু হয় রাজ্যের বিভিন্ন প্রান্তে। মূলত, প্রায় প্রতিটি বাড়িতেই মোটা অঙ্কের টাকার বিদ্যুত বিল পৌঁছায় গ্রাহকদের বাড়িতে। এরপরই স্মার্ট মিটার নিয়ে বিক্ষোভের আঁচ ছড়ায় জেলায় জেলায়। ক্রমশ বিক্ষোভের ধার বাড়তে থাকায় রাজ্য স্মার্ট মিটার চালু না করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান বিদ্যুতমন্ত্রী অরূপ বিশ্বাস।
