হরিয়ানার সোনেপতের খরখোদা এলাকায় এক ভয়ঙ্কর হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে। হরিয়ানভি মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করা ২৩ বছরের মডেল শীতলকে নৃশংসভাবে গলা কেটে খুন করেছে দুষ্কৃতীরা। ১৬ জুন, রবিবার তার দেহ খণ্ডা গ্রামের পাশে খাল থেকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শীতল পানিপথ জেলার বাসিন্দা ছিলেন। ১৪ জুন তিনি একটি অ্যালবামের শুটিংয়ে অংশ নিতে আহর গ্রামে গিয়েছিলেন, কিন্তু তারপর আর বাড়ি ফেরেননি। পরিবার নিখোঁজ ডায়েরি করে এবং তদন্ত শুরু করে পুলিশ। দু’দিন পর খাল থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। গলা এবং হাত কাটা ছিল, শরীরে ছিল একাধিক আঘাতের চিহ্ন।
শীতলের দিদি, নেহা, থানায় জানিয়েছেন যে, বোন শেষবার একজন পুরুষ বন্ধুর সঙ্গে গাড়িতে উঠেছিলেন। সেই গাড়িটিই খালে পড়ে যায়, তবে বন্ধু সুনীল বেঁচে যান। তিনি এখন পানিপথের একটি হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, শীতলের হাতে ট্যাটু থাকায় তাঁকে চিহ্নিত করা সম্ভব হয়। শীতলের পরিবার সুনীলের বিরুদ্ধে হত্যার অভিযোগ করেছে। এখন পানিপথ ও সোনেপত পুলিশ যৌথভাবে তদন্ত করছে।
সোনেপতের ডিএসপি জানিয়েছেন, শীতলের খুন পরিকল্পিত বলে মনে হচ্ছে। তদন্ত চলছে এবং অভিযুক্তদের খুব তাড়াতাড়ি গ্রেফতার করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
এই ঘটনা হরিয়ানার মডেলিং ও সঙ্গীত জগতের তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এখন সকলের নজর তদন্তের দিকে, অপরাধীরা কত দ্রুত ধরা পড়ে সেটাই দেখার বিষয়।
