ইজরায়েল ও ইরানের চলতি সংঘাতের মধ্যে সোমবার রাতে ইজরায়েলি বায়ুসেনার হামলায় ক্ষতিগ্রস্ত হল তেহরানে অবস্থিত ইরানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার সংস্থা আইআরআইবি-এর অফিস। হামলা হয় একটি লাইভ টেলিভিশন শো চলাকালীন। যার ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঘটনার সময় স্টুডিয়োতে সরাসরি সম্প্রচার চলছিল। ভিডিওতে দেখা যায়, হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দের পর স্টুডিও ধুলোয় ঢেকে যায়। আতঙ্কিত সঞ্চালক দ্রুত স্টুডিও ছেড়ে বেরিয়ে যান। বিস্ফোরণের পর সম্প্রচার বন্ধ করে প্রি-রেকর্ডেড প্রোগ্রাম চালু করে ইরানের সরকারি চ্যানেল।
ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, “ইরানি প্রোপাগান্ডার মুখ বন্ধ হয়ে যাবে, এটাই লক্ষ্য।”
হামলার ঠিক আগে ইজরায়েলি ডিফেন্স ফোর্স তেহরানের কয়েকটি এলাকায়, যার মধ্যে সরকারি টিভি চ্যানেলের অফিস, পুলিশ সদর দফতর এবং তিনটি বড় হাসপাতাল রয়েছে, সেখানে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়।
অন্যদিকে, ইরান রেভলিউশনারি গার্ডসের তরফ থেকেও একই অঞ্চলের প্রায় ৩.৩ লক্ষ মানুষকে এলাকা খালি করার জন্য নির্দেশ জারি করা হয়।
এই ঘটনার প্রেক্ষিতে ইরান-ইজরায়েল যুদ্ধ চতুর্থ দিনে প্রবেশ করেছে। ইরান জানিয়েছে, ১৩ জুন থেকে শুরু হওয়া ইজরায়েলি হামলায় এখনও পর্যন্ত ২২৪ জন নিহত হয়েছেন। অন্যদিকে ইজরায়েল দাবি করেছে, ইরানি হামলায় তাদের ২৪ জন নিহত এবং প্রায় ৪০০ জন আহত।
