সঙ্কটজনক বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দিল্লির এইমসে নিয়ে যাওয়া যাচ্ছে তাঁকে। গত কয়েক দিন ধরে কলকাতার উডল্যান্ডসে চিকিৎসাধীন ছিলেন তমলুকের বিজেপি সাংসদ। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ও গ্যাসট্রো ইনটেস্টাইনাল সেপসিসে আক্রান্ত তিনি। কিন্তু সময় যত গড়াচ্ছে প্রাক্তন বিচারপতির শারীরিক অবস্থা নিয়ে বাড়ছিল উদ্বেগ।
অবস্থা বুঝেই দিল্লি এইমসে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত। জানা যাচ্ছে, এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে অভিজিৎকে দিল্লি উড়িয়ে নিয়ে যাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার দুপুরেই ‘অ্যাডভান্স লাইফ সাপোর্ট’ অ্যাম্বুলেন্সে দমদম বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। শারীরিক পরিস্থিতি উদ্বেগজনক থাকায় আগে থেকেই পুলিশের তরফে গ্রিন করিডর করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন বিচারপতির শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও সঙ্কটজনক পরিস্থিতি কাটেনি। আইসিইউতে কড়া নজরদারিতে রাখা হয়েছিল। এমন কী সাত সদস্যের মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়। জানা গিয়েছে, অসুস্থ বিজেপি নেতার সঙ্গেই দিল্লি যাচ্ছেন পারিবারিক এক বন্ধু। তিনি জানিয়েছেন, অ্যাম্বুলেন্সে চিকিৎসকরাও রয়েছেন। অক্সিজেনও চলছে। এইমসে চিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে।
অন্য দিকে, সংবাদমাধ্যমকে বঙ্গ বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, পরিস্থিতি খুব একটা ভাল নয় বলে মনে হয়েছিল। আরও উন্নত চিকিৎসার জন্য এইমসে নিয়ে যাওয়া হচ্ছে। বিজেপি নেতার আশা, খুব দ্রুত তমলুকের বিজেপি সাংসদ সুস্থ হয়ে উঠবেন। অন্য দিকে, তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রেখেছে পিএমও অর্থাৎ প্রধানমন্ত্রীর দফতর। জানা গিয়েছে, অভিজিৎ হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে পিএমও তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে একাধিক বার আধিকারিকরা কথা বলেছেন বলে খবর। যে কোনও প্রয়োজনে পিএমও পাশে থাকবে বলেও বার্তা দেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।
