ভারতে এসে ধর্ষণের শিকার ফরাসি পর্যটক। রাজস্থানের উদয়পুরে সোমবার একটি বহুতলে নিয়ে ওই পর্যটককে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। প্রাকৃতিক দৃশ্য দেখানোর লোভ দেখিয়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবক ওই বিদেশী মহিলাকে নিয়ে যায়। জানা যায়, গত ২২ জুন ওই মহিলা দিল্লি থেকে উদয়পুর পৌঁছন। অম্বামাতা এলাকার একটি হোটেলে উঠেছিলেন ওই মহিলা।
সোমবার রাতে টাইগার হিলের কাছে একটি ক্যাফেতে পার্টিতে গিয়েছিলেন ফরাসি ওই পর্যটক। সেখানেই অভিযুক্তের সঙ্গে তাঁর দেখা হয়। অভিযোগ ওই ব্যক্তি ওই পর্যটককে বলেছিলেন, এমন একটা জায়গায় নিয়ে যাব সেখান থেকে সুন্দর দৃশ্য দেখা যাবে। এই বলেই ফরাসি ওই মহিলাকে ক্যাফে থেকে নিয়ে যায় অভিযুক্ত। মহিলা জানিয়েছেন, বারবার তিনি হোটেলে ফেরার কথা জানিয়েছিলেন। কিন্তু জোর করেই তাঁকে স্থানীয় একটি ফ্ল্যটে নিয়ে যাওয়া হয়। যেটি আগে থেকে ভাড়া করা ছিল বলে অভিযোগ মহিলার।
নির্যাতিতার অভিযোগ, ফোনে কোনও চার্জ ছিল না। ফলে কারোর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এফআইআরে উল্লেখ করা রিপোর্ট অনুযায়ী। ফ্ল্যাটে ঢুকেই ওই মহিলাকে জড়িয়ে ধরতে যায় অভিযুক্ত যুবক। আর তাতে আপত্তি জানাতেই সে ক্ষুব্ধ হয়ে ওঠে বলে অভিযোগ। আর এরপরেই ধর্ষণ করা হয় বলেও পুলিশের কাছে জানিয়েছেন ওই পর্যটক। জানা যাচ্ছে, ঘটনার পরেই স্থানীয় পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত অভিযুক্ত যুবককে ধরতে পারেনি পুলিশ। যদিও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
এই রাজস্থানেই বহু বাংলাভাষীকে বাংলাদেশি বলে আটকে রাখার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা। অবশ্য বিধানসভায় মমতা এ কথা বলার পরেই নাকি তাঁদের ছেড়ে দেওয়া হয়। পর্যটকবান্ধব রাজস্থান বাংলাভাষী বহু মানুষের কর্মক্ষেত্র। সেখানে বিপজ্জনক এই প্রবণতা যে দিন দেখা গেল, সে দিনই উঠল বিদেশিনীর ধর্ষণের মতো গুরুতর অভিযোগও। প্রত্যেক বছর দেশ-বিদেশ থেকে বহু পর্যটক রাজস্থানে আসেন। আর সেখানেই এই ঘটনায় প্রশ্নের মুখে পর্যটকদের নিরাপত্তা। একই সঙ্গে বিজেপিশাসিত রাজ্যে মহিলা সুরক্ষা নিয়েও এই ঘটনার পর প্রশ্ন উঠতে শুরু করেছে।
