দেশ জুড়ে মহা ধুমধামে পালিত হচ্ছে জগন্নাথের রথ যাত্রা। ওড়িশার পুরী থেকে বাংলার দিঘা হয়ে রথের রশি টানতে ভক্তদের ভিড় সুদূর গুজরাতেও। সেখানেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। আহমেদাবাদে রথ যাত্রার মধ্যে হাতি রেগে গিয়ে কয়েক জনকে পা দিয়ে পিষে দেয়। হুড়োহুড়িতেও বেশ কয়েক জন আহত হয়েছেন। জানা গিয়েছে, ওই রথ যাত্রায় তারস্বরে বাজছিল ডিজে বক্স। সেই আওয়াজেই ভয় পেয়ে যায় হাতি। তারপরেই হুলস্থূল।
শুক্রবার সকালে আহমেদাবাদে রথ যাত্রা শুরু হয়। শোভাযাত্রার একেবারে সামনে ছিল পর পর ৫-৬টি হাতি। পিছনে আসছিল রথ। বাজছিল বাজনা। শুরুতে সব ঠিকই ছিল। কিন্তু আচমকাই ডিজে বক্স বাজতে শুরু করে শোভাযাত্রার মধ্যে থেকে। ওই আওয়াজে চমকে উঠে দ্রুত পায়ে সামনে দিকে হাঁটা দেয় একটি হাতি। দেখাদেখি অন্য হাতিগুলিও ইতস্তত হাঁটাহাঁটি করতে শুরু করে। সেই সময় শোভাযাত্রায় ব্যাপক ভিড়। তারমধ্যেই হাতির খেপে ওঠার খবর ছড়িয়ে পড়ে। শুরু হয় হুড়োহুড়ি। অনেকেই রাস্তায় পড়ে যান। এই সব দেখে হাতি আরও ঘাবড়ে গিয়ে গলি ধরে ছুটতে শুরু করে। কয়েক জন হাতির পায়ের নীচেও পড়ে যান।
প্রবল হুড়োহুড়ির মধ্যে হাতিগুলির মাহুত তাদের শান্ত করার চেষ্টা চালিয়ে যান। চলে আসেন বোন বিভাগের সরকারি কর্তারাও। সকলে মিলে মিনিট ১৫-এর মধ্যে সবক’টি হাতিকেই শান্ত করেন। আধঘণ্টা পর আবার শুরু হয় রথ যাত্রা। পুলিশ সূত্রে খবর, হাতির পায়ের তলায় পড়ে ৩-৪ জন আহত হয়েছেন। হুড়োহুড়িতে পড়ে গিয়েও অনেকে আহত। তবে সকলেই বিপদমুক্ত। বোন দফতরের অনুমান, আচমকা ডিজে বক্সের কান ফাটান আওয়াজ শুনেই ঘাবড়ে গিয়েছিল একটি হাতি। তারপর সে সামনে দিকে সোজা হাঁটা লাগায়। তা দেখে দলের বাঁকি হাতিগুলিও দৌড়তে শুরু করে। তাতেই বিপত্তি।
