একেবারে নতুন অবতারে হাজির হলেন রশ্মিকা মন্দানা। ২৭ জুন, শুক্রবার আসন্ন ছবি ‘মাইসা’-র ‘ফার্স্ট লুক’ প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। ছবিতে রশ্মিকার চোখেমুখে ফুটে উঠেছে যুদ্ধের আগুন, হাতে রক্তমাখা অস্ত্র, মুখে রাগ। ঠিক যেন এক রণচণ্ডী যোদ্ধামূর্তি।
ছবির পোস্টার শেয়ার করে রশ্মিকা লেখেন, “আমি সব সময় চেষ্টা করি আপনাদের জন্য কিছু নতুন, কিছু আলাদা, কিছু উত্তেজনামূলক উপহার দিতে। আর এই ছবিটাও ঠিক তেমনই এক প্রচেষ্টা। আমি নার্ভাস, আবার একই সঙ্গে খুব উত্তেজিত। ‘মাইসা’ এমন এক দুনিয়া, যেখানে আমি আগে কোনও দিন পা রাখিনি। এমন এক রশ্মিকাকেও আমি আগে কোনও দিন দেখিনি।”
বৃহস্পতিবার ছবির আরও একটি পোস্টার প্রকাশ পায়, যেখানে রশ্মিকাকে বর্ণনা করা হয়েছে তিনটি শব্দে, ‘হন্টেড, উন্ডেড, আনব্রোকেন’। মনে করা হচ্ছে, ‘মাইসা’ হতে চলেছে রশ্মিকার প্রথম একক নেতৃত্বে তৈরি সিনেমা। এই সিনেমায় তাঁকে একজন ভয়ঙ্কর শক্তিশালী, সাহসী নারীর ভূমিকায় দেখা যাবে। একাধিক রূপে নিজেকে প্রমাণ করে ফেলা রশ্মিকা এ বার আরও কঠিন, আরও চ্যালেঞ্জিং চরিত্রে।
ছবিটি পরিচালনা করছেন রবীন্দ্রা পুল্লে। আর প্রযোজনার দায়িত্বে আনফর্মুলা ফিল্মস।‘মাইসা’ ছাড়াও রশ্মিকার হাতে রয়েছে বেশ কিছু বড় বাজেটের সিনেমা। এর মধ্যে রয়েছে আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘থামা’, এ ছাড়াও রশ্মিকা অভিনয় করবেন ‘দ্য গার্লফ্রেন্ড’, ‘রেইনবো’, এবং বহু প্রতীক্ষিত ছবি ‘পুষ্পা ৩’-তেও। তবে আপাতত ‘মাইসা’তে দর্শকরা রশ্মিকাকে দেখে দারুণ উত্তেজিত। আপাতত ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছেন তাঁরা।
