পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের বাতাবরণে ‘সুপারহিট’ রাশিয়ার ‘এস ৪০০ ট্রায়াম্ফ এয়ার ডিফেন্স সিস্টেম’। পাকিস্তানের দিক থেকে ছোঁড়া মিসাইল থেকে ড্রোন— সবই মুখ থুবড়ে পড়েছে ভারতের এই আকাশ প্রতিরক্ষা শক্তির সামনে। আগামিদিনে এই অস্ত্রে সজ্জিত হতে চায় ভারত। তাই রাশিয়ার সঙ্গে এ নিয়ে একপ্রস্থ কথা বলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেই আলোচনার পর জানা গিয়েছে, খুব দ্রুত বাকি দুটি এস ৪০০ মিসাইল সিস্টেম এসে যাবে দিল্লিতে।
চিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের সাইডলাইনে মুখোমুখি কথা বলেন রাজনাথ এবং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলোসভ। সূত্রের খবর, বেলোসভ সেখানেই রাজনাথকে আশ্বস্ত করেছেন। ২০১৮ সালে ভারত এবং রাশিয়ার মধ্যে ৫.৪ বিলিয়ন ডলারের একটি প্রতিরক্ষা চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী রাশিয়ার ভারতকে মোট পাঁচটি এস ৪০০ ট্রায়াম্ফ এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়ার কথা। আপাতত, তিনটি এস ৪০০ ট্রায়াম্ফ এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের হাতে আছে। আরও দুটি আসার কথা। চুক্তি অনুযায়ী ইতিমধ্যেই সবক’টি এস ৪০০ ট্রায়াম্ফ এয়ার ডিফেন্স সিস্টেম ভারতে চলে আসার কথা। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সব কিছু ঘেঁটে দেয়। ফলে দেরি হয় এস ৪০০ ভারতে পৌঁছতে। কিন্তু বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ভারতকে আশ্বস্ত করেন, খুব দ্রুত তাঁরা বাকি দু’টি ‘এস ৪০০ ট্রায়াম্ফ এয়ার ডিফেন্স সিস্টেম’ পাঠিয়ে দেবেন।
সামরিক বিশেষজ্ঞেরা বলছেন, ‘এস ৪০০ ট্রায়াম্ফ এয়ার ডিফেন্স সিস্টেম’ বর্তমান দুনিয়ায় সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমগুলির মধ্যে অন্যতম। এই অস্ত্র যে আদতে কতটা শক্তি ধরে, তা স্পষ্ট হয়ে গিয়েছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির সময়। আপাতত, ভারতের হাতে যে তিনটি ‘এস ৪০০ ট্রায়াম্ফ এয়ার ডিফেন্স সিস্টেম’ রয়েছে তা মোতায়েন করা রয়েছে উত্তর পশ্চিম এবং পূর্ব ভারতে। অর্থাৎ, ইতিমধ্যেই ‘এস ৪০০ ট্রায়াম্ফ এয়ার ডিফেন্স সিস্টেম’ ভারতকে পাকিস্তান এবং চিন থেকে নিরাপত্তা দিচ্ছে। বাকি দুটি ‘এস ৪০০ ট্রায়াম্ফ এয়ার ডিফেন্স সিস্টেম’ এসে গেলে ভারত প্রতিরক্ষার দিক থেকে আরও শক্তিশালী হয়ে উঠবে। কারণ ‘এস ৪০০ ট্রায়াম্ফ এয়ার ডিফেন্স সিস্টেম’ শত্রুপক্ষের যুদ্ধবিমান, ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল ৪০০ কিমি দূর থেকেই ধ্বংস করতে ওস্তাদ।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
