ভারতের বহিঃদেশীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং RAW-এর নতুন প্রধান হিসেবে নিযুক্ত হলেন ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার পরাগ জৈন। তিনি পঞ্জাব ক্যাডারের অফিসার। আগামী ১ জুলাই থেকে তিনি এই পদে দায়িত্ব গ্রহণ করবেন।
বর্তমান র’ প্রধান রবি সিনহার মেয়াদ শেষ হচ্ছে ৩০ জুন। সেই জায়গায় কেন্দ্রীয় মন্ত্রিসভার অ্যাপয়েন্টমেন্ট কমিটি পরাগ জৈনের নাম চূড়ান্ত করে। তাঁর মেয়াদ নির্ধারিত হয়েছে দুই বছরের জন্য।
পরাগ জৈন গোয়েন্দা ও সন্ত্রাসবিরোধী অভিযানে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছেন। তাঁর নেতৃত্বেই সংগঠিত হয় ‘অপারেশন সিন্দুর’, যেখানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদীদের ঘাঁটির ওপর নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এই অপারেশনের পিছনে ছিল বছরভর গোপন তথ্য জোগাড় এবং গোয়েন্দা নেটওয়ার্ক বিস্তারের পরিশ্রম।
জৈন জম্মু-কাশ্মীরের মতো স্পর্শকাতর নিরাপত্তা অঞ্চলে তৃণমূল স্তরে কাজ করেছেন। দক্ষতার জন্য গোয়েন্দা মহলে তিনি পরিচিত ‘সুপার স্লিথ’ নামে।
২০২১ সালের জানুয়ারিতে তিনি পঞ্জাব পুলিশের ডিজিপি পদে পদোন্নতি পেলেও তখন তিনি কেন্দ্রীয় ডেপুটেশনে থাকায় সেই পদে যোগ দেননি। তিনি আন্তর্জাতিক পর্যায়েও কানাডা ও শ্রীলঙ্কায় ভারতের প্রতিনিধিত্ব করেছেন।
র’-এর পরবর্তী কৌশলগত দিশা ও বৈদেশিক গোয়েন্দা কৌশলে পরিবর্তন আসতে পারে তাঁর অভিজ্ঞতার আলোকেই, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।
