মোগাম্বো অর্থাৎ বলিউডের বিখ্যাত ভিলেন অমরীশ পুরীর অভিনয়ে আপ্লুত হননি এমন কম দর্শকই পাওয়া যাবে। নিজের ভারী গলার আওয়াজ, ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয়ে ভয় ধরিয়ে দিতেন মনে। সেই অমরীশ পুরী নাকি এক সময় হারিয়ে ফেলেন স্মৃতিশক্তি! ঘটনাটি কাজল-শাহরুখ জুটির বিখ্যাত সিনেমা ‘কুছ-কুছ হোতা হ্যায়’-এর সেটের। সেই সময় অভিনয়ের সময় হঠাৎই অমরীশ আশপাশের লোকজনকে চিনতে পারছিলেন না। এমন কি নিজের পরিচয়ও গুলিয়ে ফেলেন। জিজ্ঞেস করতে থাকেন, কে আমি?
এক সাক্ষাৎকারে কাজল জানিয়েছেন, শুটিংয়ের সময় একটি ওয়াটারফলের পাশ থেকে যাওয়ার সময় হঠাৎই অমরীশ পুরী সব ভুলে যান। এই ঘটনায় সেটে হুলস্থুল শুরু হয়ে যায়। উনি বার বার জিজ্ঞেস করতে থাকেন, ‘আমি এখানে কি করছি? কে আমি?’ প্রথমে সবাই একে মজা ভাবলেও পরে কাজলরা বুঝতে পারেন, বিষয়টি গুরুতর। সঙ্গেসঙ্গে অমরীশ পুরীকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সব দেখেশুনে চিকিৎসক জানান, সম্ভবত ওয়াটারফলের ভয়ঙ্কর আওয়াজে অমরীশ পুরীর মস্তিষ্কে আঘাত লেগেছে। কিছু দিন পর অবশ্য সব স্বাভাবিক হয়ে যায়। কাজে ফেরেন অমরীশ।
৮০-র দশকে ভিলেনের চরিত্রে সিনেমা একাই হিট করানোর ক্ষমতা রাখতেন অমরীশ পুরী। মিস্টার ইন্ডিয়া ছবিতে তাঁর অভিনীত ‘মোগাম্বো’ চরিত্র আজও জনপ্রিয়। এ ছাড়া বিধাতা, শক্তি, নাগিনা, করণ-অর্জুন, ঘায়েল, গদর ছবিতে তার অভিনয় মন কাড়ার মত।
দুর্দান্ত অভিনেতা হিসেবেই অমরীশ পুরীর আলাদা পরিচয়। তিনি হিন্দি ছাড়াও তেলেগু, তামিল, মালায়াম, কন্নড় এবং মারাঠি ভাষার একাধিক ছবিতে অভিনয় করেছেন। এমন কি বিদেশী ছবি ‘ইন্ডিয়ানা জোন্স’ এবং ‘গান্ধী’-তেও তাঁকে দেখা গিয়েছে।
