রেল পরিষেবাকে আরও উন্নত করতে গত কয়েকবছরে একাধিক পদক্ষেপ নিয়েছে রেল। সেই সঙ্গে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সব পরিষেবার জন্য একটি অ্যাপ চালু করা হয়েছে। ১ জুলাই থেকে চালু হচ্ছে RailOne। সব পরিষেবা পাওয়া যাবে ওই একটি অ্যাপ থেকে। সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমের ৪০ বছর পূর্তিতে এই অ্যাপ চালু করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
বর্তমানে অ্যাপটি সবাই ডাউনলোড করতে পারবেন। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে ও আইফোন ব্যবহারকারীরা আইওএস অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। মন্ত্রী জানিয়েছেন, এই অ্যাপের মাধ্যমে শুধুমাত্র সব পরিষেবা পাওয়া যাবে তাই নয়, বিভিন্ন পরিষেবার মধ্যে সংযুক্তিকরণও বোঝা যাবে। এছাড়া যাত্রীদের একাধিক পাসওয়ার্ড মনে রাখার ঝামেলাও নেই।
যাঁরা RailConnect বা UTSonMobile -এর মতো অ্যাপ ব্যবহার করেন, তাঁরা ওই একই আইডি ব্যবহার করে RailOne অ্যাপ ব্যবহার করতে পাররবেন।
RailOne-এ কী কী পরিষেবা পাওয়া যাবে, একনজরে
সংরক্ষিত ও অসংরক্ষিত টিকিট বুক করা।
প্লাটফর্ম টিকিট বুক করা।
ট্রেনের ব্যাপারে তথ্য় পাওয়া।
পিএনআর স্টেটাস চেক করা।
জার্নি প্ল্যান করা।
রেল মদদ সার্ভিস।
ট্রেন থেকে খাবার অর্ডার করা।
বলে রাখা প্রয়োজন, আজ ১লা জুলাই থেকে একাধিক বদল এসেছে রেলে। বিশেষ করে তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে যেমন নিয়মে রদবদল হয়েছে, তেমনই আজ মঙ্গলবার থেকে বেড়েছে ট্রেনের ভাড়াও। শুধু তাই নয়, রিজার্ভেশন চার্ট তৈরির ক্ষেত্রেও বদল এসেছে সময়ে। আগে চার ঘণ্টা আগে দেওয়া হত এই চার্ট। এতে সমস্যায় পড়তে হতো যাত্রীদের। তবে এখন থেকে ৮ ঘণ্টা আগে তৈরি হয়ে যাবে চার্ট। এছাড়াও একাধিক ক্ষেত্রে আসছে বদল।

