একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি, একের পর এক নিষেধাজ্ঞা, অন্যদিকে যুদ্ধ। যা রীতিমত গোটা বিশ্বকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। বিশেষ করে অর্থনীতির গতি অনেকটাই স্লথ হতে পারে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। এমনকী বহু উন্নত দেশের অর্থনীতিও ধাক্কা খাওয়ার আশঙ্কা। সেখানে দাঁড়িয়ে আশার আলো জাগাবে ভারত। এমনটাই দাবি মার্কিন ইনভেস্টমেন্ট কমিটি মর্গ্যান স্ট্যানলির। তাদের আশা, বিশ্বজুড়ে আর্থিক বৃদ্ধি ধাক্কা খেলেও ভারতের গ্রোথ বজায় থাকবে। বিশ্ব অর্থনীতিতে নতুন আশার আলো তৈরি করবে বলে দাবি মর্গ্যান স্ট্যানলির।
মরগান স্ট্যানলি চতুর্থ ত্রৈমাসিকের ভিত্তিতে ২০২৫ অর্থাৎ চলতি বছরে ভারতের জিডিপি (গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট) বৃদ্ধির হার ৫.৯ শতাংশ হতে পারে বলে অনুমান করেছে। শুধু তাই নয়, ২০২৬ সালে তা বেড়ে ৬.৪ শতাংশ থাকবে বলেও অনুমান করা হয়েছে। রিপোর্টে আশা প্রকাশ করা হয়েছে যে, বিশ্বের সমস্ত ছোট বড় দেশগুলির মধ্যে শক্তিশালী অর্থনীতির দেশ হয়ে উঠবে ভারত।
মার্কিন ইনভেস্টমেন্ট কমিটির রিপোর্টে ভারতের অর্থনীতি নিয়ে আশাপ্রকাশ করে দাবি, গোটা বিশ্বের অর্থনীতি মুখ থুবড়ে পড়লেও ভারতীয় অর্থনীতি তেজ গতিতে এগোবে। একটি পরিসংখ্যান প্রকাশ করে প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৫ অর্থবছরে বিশ্বের জিডিপি ২.৫ শতাংশে নেমে আসবে। যা ২০২৪ অর্থবছরে ছিল ৩.৫ শতাংশ৷ যা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মার্কিন বাণিজ্য নীতি এবং এর ফলে সৃষ্ট অনিশ্চিয়তার কারনে অর্থনীতি ধাক্কা খাবে বলে আশঙ্কাপ্রকাশ করা হয়েছে মার্কিন ইনভেস্টমেন্ট কমিটি মর্গ্যান স্ট্যানলির।
এক্ষেত্রে মার্কিন অর্থনীতির কথাও তুলে ধরা হয়েছে মার্কিন ইনভেস্টমেন্ট কমিটির রিপোর্টে। আর সেখানে আশঙ্কা করা হয়েছে, জিডিপি গ্রোথ ২০২৪ এর ২.৫ শতাংশ থেকে কমে ২০২৫ এবং ২০২৬ সালে ১.০ শতাংশে নেমে আসবে। ইউরোপের অন্যান্য দেশগুলিও একই ভাবে চাপে থাকবে বলে ইঙ্গিত মর্গ্যান স্ট্যানলির রিপোর্টে। শুধু ভারত কিংবা আমেরিকা নয়, চিনের অর্থনীতি কেমন থাকবে তাও উল্লেখ রয়েছে মার্কিন এই সংস্থার রিপোর্টে।
মর্গ্যান স্ট্যানলির রিপোর্ট বলছে, আমেরিকার নিষেধাজ্ঞার কারণে চিনের অর্থনীতিতে মন্দা আশার আশঙ্কা রয়েছে। রিপোর্ট বলছে, ২০২৪ অর্থ বছরের তুলনায় ২০২৫ এ প্রকৃত বৃদ্ধির হার প্রায় ০.৫ শতাংশ কমতে পারে। তবে অনুমান করা হচ্ছে, চিনের বাস্তবিক জিডিপি গ্রোথ ২০২৫ সালে ৪.০ শতাংশ এবং ২০২৬ সালে ৪.২ শতাংশ থাকতে পারে।
বলে রাখা প্রয়োজন, গ্লোবাল ইনভেস্টমেন্ট কমিটি হল বিশেষজ্ঞ অর্থনীতিবিদদের নিয়ে তৈরি একটি গ্রুপ। তারা নিয়মিত অর্থনৈতিক উন্নয়ন নিয়ে বিশ্লেষণ করে থাকেন।
