বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনের শেষ মুহূর্তে টানটান নাটক! কার্যত সবাইকে অবাক করে মনোনয়ন জমা দেন অম্বুজাক্ষ মোহান্তি। শমীক ভট্টাচার্যের বিপরীতে জমা পড়ে মনোনয়ন। হঠাৎ বিজেপি নেতার এহেন কর্মকাণ্ডে অবাক হয়ে যান বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতারাও। যদিও বিজেপির সাংগঠনিক নির্বাচনে বেশ কিছু নিয়ম রয়েছে। তা ভঙ্গ হওয়ায় বিজেপি নেতার মনোনয়ন বাতিল হয়ে যায়। ফলে ভোটাভুটির পরিস্থিতি তৈরি হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির নতুন রাজ্য সভাপতি হচ্ছেন শমীক ভট্টাচার্য।
২৬-এর বিধানসভা ভোটের আগে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে জোর জল্পনা ছিল। সভাপতি হিসাবে একাধিক নাম সামনে আসে। সেই মতো শমীক ভট্টাচার্যের নামও সামনে আসে। বিশেষ করে মনোনয়ন জমা দেওয়ার আগে নাড্ডার সঙ্গে তাঁর বৈঠক জল্পনাকে আরও বাড়িয়ে তোলে। এর মধ্যেই আজ বুধবার ছিল মনোনয়ন জমা দেওয়ার দিন। একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অন্যদিকে সুকান্ত মজুমদারকে সঙ্গে নিয়েই এদিন রাজ্যসভার এই সাংসদ সভাপতির পদের জন্য মনোনয়ন দেন।
সবকিছু ঠিকই ছিল। কিন্তু হঠাৎ করে মনোনয়ন জমা দেন বিজেপি নেতা অম্বুজাক্ষ মোহান্তি। যদিও স্ক্রুটিনির সময় তাঁর মনোনয়ন বাতিল হয়ে যায়। নিয়ম অনুযায়ী প্রদেশ পরিষদের ১০ জন সদস্যের প্রস্তাবক হিসেবে সই লাগে মনোনয়ন পত্রে।
কিন্তু অম্বুজাক্ষ মোহান্তির সেই ১০ জনের সই ছিল না। আর সেই নিয়ম মেনেই স্ক্রুটিনির সময়েই বিজেপি নেতার মনোনয়ন বাতিল হয়ে যায়। ফলে কোনও রকম ভোটাভুটি ছাড়াই বিজেপির রাজ্য সভাপতি হচ্ছেন শমীক ভট্টাচার্য।
এই বিষয়ে কেন্দ্রীয়মন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার জানিয়েছেন, একটাই মনোনয়ন জমা পড়েছে। কারও মনোনয়ন জমা দেওয়ার ইচ্ছা হতে পারে। এক্ষেত্রে ১০ জনের স্বাক্ষর প্রয়োজন হয়। সদ্য প্রাক্তন রাজ্য সভাপতির কথায়, ‘বৈধ ভাবে গৃহীত মনোনয়ন একটাই ছিল।’ বলে রাখা প্রয়োজন, পটাশপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছিলেন এই অম্বুজাক্ষ।
অন্যদিকে ভোটাভুটি না হওয়া প্রসঙ্গে সুকান্ত মজুমদার আরও জানিয়েছেন, মনোনয়ন একজনই দিয়েছিলেন। একাধিক মনোনয়ন জমা পড়লে ভোটাভুটির সুযোগ থাকত। এক্ষেত্রে কেউ দেয়নি। তাঁর কথায়, সবাই শমীক ভট্টাচার্যকে যোগ্য ব্যক্তি হিসাবে মনে করেছেন। উল্লেখ্য, দিল্লির তরফে রাজ্য সভাপতি পদের জন্য শমীকের উপরেই আস্থা রাখা হয়।
আগামিকাল বৃহস্পতিবার বঙ্গ বিজেপির সভাপতি হিসাবে শমীক ভট্টাচার্যের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবেন পশ্চিমবঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত নির্বাচন আধিকারিক রবিশঙ্কর প্রসাদ। সায়েন্স সিটিতে দেওয়া হবে সংবর্ধনাও। যেখানে রাজ্যের সমস্ত বিজেপি নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন বলে খবর।
