‘ভুয়ো’ বিদেশি ডিগ্রি ব্যবহারে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল থেকে দু’বছরের জন্য সাসপেন্ড চিকিত্সক শান্তনু সেন।
দুবছর প্র্যাকটিস করতে পারবেন না শান্তনু সেন। তাঁর বিরুদ্ধে বিদেশ থেকে ভুয়ো ডিগ্রি আমদানি করার অভিযোগ ছিল বেশ কিছুদিন আগেই। অবশেষে তদন্তের মাধ্যমে ভুয়ো বিদেশি ডিগ্রি ব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় শান্তনু সেনকে দুবছরের জন্য সাসপেন্ড করল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল।
আগামী দুই বছর কোনও রোগী দেখতে পারবেন না শান্তনু সেন। ডিগ্রি নিয়ে ধোঁয়াশা থাকার জন্য চিকিৎসক শান্তুনু সেনকে নোটিশ পাঠায় মেডিক্যাল কাউন্সিল। শান্তুনু সেনের প্রফেশনাল লেটারহেডে এফআরসিপি (গ্লাসগো) ডিগ্রি ব্যবহার করা হলেও তা মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ায় রেজিস্টার্ড নয়।
ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল অ্যাক্ট এর ২৬ ধারা অনুযায়ী যে কোনও ডিগ্রি মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ায় নথিভুক্ত করা বাধ্যতামূলক। প্রমাণ হিসেবে মেডিক্যাল কাউন্সিলের সদস্যদের কাছে যে সার্টিফিকেট ডা. শান্তনু দেখিয়েছেন সেখানে দেখা যাচ্ছে আদতে ডাঃ সেনের সার্টিফিকেটে ডিপ্লোমা অফ ফেলোশিপ এফআরসিপি (গ্লাসগো) রয়েছে। কিন্তু শান্তনুর লেটারহেডে কোথাও লেখা নেই এই ডিপ্লোমা অফ ফেলোশিপ বিষয়টি।
অর্থাৎ বিধি অনুযায়ী সান্তনু সেনের লেটার হেডে লেখা থাকতে হবে ডিপ্লোমা অফ ফেলোশিপ এফআরসিপি (গ্লাসগো)। তার জায়গায় শুধুমাত্র লেখা আছে এফআরসিপি (গ্লাসগো)। আর ঠিক সে কারণেই চিকিৎসক শান্তনু সেনের বিরুদ্ধে ডাক্তারি ডিগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে এবং তদন্তে তা প্রমাণিত হয়।
