দেখতে দেখতে ১০ বছর পূরণ করল এসএস রাজামৌলির ম্যাগনাম ওপাস ‘বাহুবলী দ্য বিগিনিং’। ২০১৫ সালে মুক্তি পায় এই ছবি এবং বিপুল সাফল্য। ঠিক এক দশক পর নতুন ছবির ঘোষণা করলেন পরিচালক। নাম রাখলেন ‘বাহুবলী দ্য এপিক’, যেখানে বাহুবলীর দুই পার্টই একসঙ্গে থাকবে। প্রভাস অভিনীত ছবির দশম বর্ষপূর্তিতে এই বিশেষ ঘোষণা।
নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন রাজামৌলি। সঙ্গে শেয়ার করেন নতুন ছবির পোস্টার। ক্যাপশনে লেখেন, ‘বাহুবলী। অনেক সফরের শুরু। অগুন্তি স্মৃতি। অফুরন্ত অনুপ্রেরণা। ১০ বছর কেটে গেছে। এই মাইলফলককে আরও বিশেষ করে তুলতে দুটি ছবি সম্বলিত ‘বাহুবলী দ্য এপিক’-এর ঘোষণা করছি। বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে আগামী ৩১ অক্টোবর ২০২৫, মুক্তি পাবে এই ছবি।
পরিচালকের এই ঘোষণায় স্বভাবতই উচ্ছ্বসিত অনুরাগীরা। কমেন্ট বক্স ভরেছে শুভেচ্ছাবার্তায়। কেউ লিখলেন, ‘আর তর সইছে না। ব্যক্তিগতভাবে যদিও আমার ‘বাহুবলী ২’ বেশি ভালো লেগেছিল অমরেন্দ্র বাহুবলী হচ্ছে ভালোবাসা। কিন্তু ‘বাহুবলী ১’ অবশ্যই গুরুত্বপূর্ণ ভিত্তিটা তৈরি করে দিয়েছিল। মোদ্দা কথা, দুটো ছবি একসঙ্গে মিশিয়ে কেমন হয় তা দেখার অপেক্ষায় রয়েছি।’ অনেকেই আবার উত্তেজিত হয়ে প্রশ্ন করেছেন তাহলে কি ‘বাহুবলী’র তৃতীয় পর্ব আশা করা যেতে পারে?
এর আগেই অবশ্য প্রযোজনা সংস্থা যে দুটো ছবি মিলিয়ে একটি সিনেমা মুক্তির কথা ভাবছে সেই কথা জানানো হয়েছিল। যদিও আজ সেই ছবি মুক্তির তারিখ ঘোষণা করা হল। নতুন ছবিতে একাধিক কাট ও এডিট থাকবে বলে মনে করা হচ্ছে। ‘বাহুবলী’ সিরিজটি দুটি সিনেমা নিয়ে তৈরি, যেখানে শিবুদুর (প্রভাস অভিনীত) গল্প বলা হয়েছে — এক তরুণ সাহসী যুবক, যে ভালোবাসা ও জীবনের প্রকৃত উদ্দেশ্যের খোঁজে যাত্রা শুরু করে।
ছবির দ্বিতীয় ভাগ ‘বাহুবলী দ্য কনক্লুশন’ মুক্তি পায় ২০১৭ সালে। প্রথম ছবি বিশ্বজুড়ে ৬৫০ কোটি টাকার ব্যবসা করে। সেই জনপ্রিয়তায় ভর করে দ্বিতীয় ছবির ব্যবসাও বাড়ে। হিসেব বলছে ‘বাহুবলী’র দ্বিতীয় অংশ বিশ্বজুড়ে ১৭৮৮.০৬ কোটি টাকার ব্যবসা করে। দুই ছবির কম্বিনেশনে তৈরি এই ‘এপিক’ এবার কেমন ব্যবসা করে সেটাই দেখার। আপাতত সোশ্যাল মিডিয়া ট্রেন্ড বলছে ভালই সাড়া ফেলবে এই ছবিও।
