ভারতীয় ফুটবল দলের হেড কোচ নির্বাচন নিয়ে নাটক অব্যাহত। এই সময়েই আরও একটি খারাপ খবর ফুটবলপ্রেমীদের জন্য। আপাতত স্থগিত হয়ে গেল আসন্ন ২০২৫-২০২৬ মরশুমের আইএসএল। জানা গিয়েছে, শুক্রবার সকালে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং সমস্ত ক্লাবগুলিকে চিঠি পাঠিয়ে বিষয়টি জানিয়েছে আইএসএলের আয়োজক সংস্থা এফএসডিএল।
হঠাৎ করে আইএসএল বন্ধ হওয়ার ঘটনাটি যেন নতুন করে ভারতীয় ফুটবলের অন্ধকার দিকটা তুলে ধরল। কিন্তু হঠাৎ করে কেন স্থগিত হয়ে গেল আইএসএল? এফএসডিএলে’র সঙ্গে প্রতিযোগিতাটি নিয়ে এআইএফএফের ১৫ বছরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল গত ২০১০ সালে। এই চুক্তি অনুসারে প্রতিবছর ৫০ কোটি টাকা করে আয় করে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এ বার ফেডারেশন এবং ক্লাবগুলিকে দেওয়া চিঠিতে আয়োজক সংস্থা জানিয়েছে, এআইএফএফের স্বাক্ষরিত মাস্টার্স এগ্রিমেন্ট রাইটস শেষ হয়ে যাচ্ছে আগামী ৮ ডিসেম্বর। এ দিকে এ বছরের আইএসএল শুরু হওয়ার কথা ছিল আগামী সেপ্টেম্বরে। অর্থাৎ এর এক তৃতীয়াংশ সময়ের মধ্যে চুক্তি শেষ হয়ে যাবে।
জাজবাত বাংলায় আরও পড়ুন
এ দিকে নতুন করে চুক্তির জন্য কয়েক মাস আগে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে আইএসএল এফএসডিএলে’র আলোচনা হলেও তা থেকে কোনও রফা সূত্র মেলেনি। ফলে বর্তমান পরিস্থিতিতে যেহেতু চুক্তি আগামী ডিসেম্বরেই শেষ তাই এ বছরের আইএসএল আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়েছে এফএসডিএল। তাদের তরফে লেখা হয়েছে, “বর্তমান পরিস্থিতিতে প্রতিযোগিতা আয়োজন বা সেটি চালিয়ে নিয়ে যাওয়ার মত জায়গা নেই। তাই যতদিন না নতুন চুক্তি নিয়ে ধোঁয়াশা কাটছে ততদিন মুলতুবি থাকবে আইএসএল।
