মহিলাদের এ বারের ওয়ানডে বিশ্বকাপ আয়োজিত হবে ভারতের মাটিতে। বিশ্বকাপের বাকি আর মাত্র ২ মাস। ঠিক এই সময়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ভারতীয় ক্রিকেটার বেদা কৃষ্ণমূর্তি। মাত্র ৩২ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি।
২০১১ সালে মাত্র ১৮ বছর বয়সে দেশের জার্সিতে অভিষেক হয় বেদা কৃষ্ণমূর্তির। ৪৮টি একদিনের ম্যাচে তাঁর সংগ্রহ ৮২৯ রান। এ ছাড়া ভারতের হয়ে ৭৬টি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন তিনি। রান করেছেন ৮৭৫। বেদার অন্যতম উল্লেখযোগ্য পারফরম্যান্স ২০১৭ সালের বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এই ম্যাচে ৭০ রান করে ভারতকে ফাইনালে তুলতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি।
শুক্রবার সমাজ মাধ্যমে নিজের অবসরের ঘোষণা করেছেন বেদা। নিজের পরিবারের পাশাপাশি ভারতীয় বোর্ড, সমস্ত সতীর্থ এবং সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। বেদা লেখেন, “ছোট একটি শহরের মেয়ে বড় স্বপ্ন নিয়ে বেড়ে ওঠা থেকে গর্বের সঙ্গে ভারতের জার্সি পরা। যে শিক্ষা এবং মানুষজনকে আমি পেয়েছি। আর যে সমস্ত স্মৃতি রয়েছে সবকিছুর জন্য আমি কৃতজ্ঞ ক্রিকেটের কাছে। এ বার খেলা থেকে সরে দাঁড়ানোর সময় এসেছে। তবে ক্রিকেট থেকে সরছি না। ভারতের পাশে, দলের পাশে সর্বদা আছি।”
২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে শেষবার ভারতের হয়ে নেমেছিলেন বেদা। এদিন অবসর ঘোষণার পোস্টে নিজের একটি ছবিও দেন তিনি। সেই সঙ্গে আরও লেখেন, “ছোট গলি থেকে উঠে এসে আমি কখনওই ভাবতে পারিনি বড় স্টেডিয়ামে খেলব। ক্রিকেট আমাকে শুধু একটা নতুন জীবনই দেয়নি। সেই সঙ্গে আরও অনেক কিছু দিয়েছে। আমাকে নতুন পরিচিতি দিয়েছে। লড়াই শিখিয়েছে।”
