রবিবাসরীয় ম্যানচেস্টারে এক ঐতিহাসিক রূপকথা লিখেছেন রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। তবে তারও আগে ওল্ড ট্রাফোর্ডের ২২ গজে ঋষভ পন্থ জন্ম দিয়ে গিয়েছিলেন লড়াইয়ের আরও এক নতুন পরিভাষার। টেস্টের প্রথম ইনিংসে ভাঙা পা নিয়ে ব্যাট করতে নেমে অর্ধশতরান করেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক। তবে এ বার তাঁকে দেশে ফিরে আসতে হবে
চলতি ইংল্যান্ড সফর থেকে পন্থ যে ছিটকে গিয়েছেন, তা সরকারিভাবে জানিয়ে দেওয়া হয় রবিবারই। তবে দেশের ফেরার আগে সোমবার এক বিশেষ বার্তা দিলেন ভারতীয় উইকেটরক্ষক। সামাজিক মাধ্যমে একসঙ্গে চারটি ছবি পোস্ট করেছেন তিনি। প্রথম ছবিতে দেখা গিয়েছে, একটি রেস্তরাঁয় বসে আছেন পন্থ। হাতে ক্রাচ এবং ডান পায়ে রঙিন প্লাস্টার। এরপর দ্বিতীয় ছবিতে ডান পায়ে একটি বিশেষ ধরনের জুতো পরে থাকতে দেখা গিয়েছে তাঁকে। আর তারপর তৃতীয় ছবিতেই বিশেষ বার্তাটি দিয়েছেন তিনি।
বুধবার ম্যাচের প্রথম দিনই ঘটেছিল বিপত্তিটি। ক্রিস ওকসের ইয়র্কার বল রিভার্স সুইপ করতে গিয়ে ডান পায়ের পাতায় গুরুতর চোট পান ঋষভ। এ সময় যন্ত্রণায় রীতিমত ছটফট করতে দেখা গিয়েছে তাঁকে। ঠিক করে পাও ফেলতে পারছিলেন না। এরপর ম্যাচের দ্বিতীয় দিন যদিও ভাঙা পা নিয়েই ব্যাট করতে এসেছিলেন তিনি। কিন্তু ততক্ষণে চলতি সিরিজ থেকে তাঁর ছিটকে যাওয়া নিশ্চিত হয়ে গিয়েছে। তবে এ বার অনুরাগীদের আশ্বস্ত করে পন্থ জানিয়েছেন খুব শিগগিরই ফিরে আসবেন ২২ গজে।
পন্থ লিখেছেন, “আমাকে যাঁরা ভালবাসা এবং শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন, তাঁদের সকলের কাছেই আমি কৃতজ্ঞ। এগুলিই আমার শক্তির অন্যতম প্রেরণা।” এরপরই যোগ করেন, “ভাঙা পা ঠিক হয়ে গেলেই রিহ্যাব শুরু করব। সে দিকেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। ধৈর্য ধরে রেখে নিজের দৈনন্দিন কাজকর্মগুলি করছি। সেইসঙ্গে নিজের ১০০ শতাংশ দিচ্ছি। দেশের হয়ে খেলা আমার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত। যে কাজটা আমি ভালোবাসি, তা আবার করার জন্য একদমই তর সইছে না।”
এর আগে গত ২০২২ সালে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন পন্থ। সেখান থেকে ফিরে এসে ভারতীয় দলে তাঁর কামব্যাক কোনও রূপকথার থেকে কম নয়। ঋষভ পন্থ মানেই যেন লড়াইয়ের আরেক নাম। এমনকী রবিবারও ক্রাচ নিয়েই মাঠে হাজির হন তিনি। প্রয়োজন আরও একবার ভাঙা পায়ে ব্যাটিং করতে প্রস্তুত ছিলেন। ম্যাচ শেষে পন্থের এ হেন লড়াকু মানসিকতাকে কুর্নিশ জানিয়েছেন গুরু গম্ভীর। বলেন, “ভাঙা পা নিয়েও যে রকম ব্যাট করেছে ও, তাতে কোনও প্রশংসাই যথেষ্ট নয়।” জানা যাচ্ছে, ওভালে শেষ টেস্টের জন্য পন্থের পরিবর্তে দলে নেওয়া হয়েছে নারায়ণ জগদীশনকে।
