হিন্দি টেলিভিশনের ‘পাওয়ার কাপল’ ঈশিতা দত্ত ও বৎসল শেঠ। তাঁদের এক ছেলের পর সম্প্রতি জুন মাসে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। আনন্দের আবহেই এক চিন্তার ছবি শেয়ার করলেন অভিনেত্রী। ঈশিতা জুন মাসে কন্যা সন্তানের জন্ম দেন, কিন্তু সম্প্রতি তিনি অসুস্থ হয়ে হাসপাতলে ভর্তি হয়েছিলেন। সঙ্গে ছিল তাঁর দুই বছর বয়সি পুত্র সন্তান বায়ুও। যদিও তিনি তাঁর অসুস্থতা নিয়ে বিস্তারিত কিছু জানাননি, তবে ইনস্টাগ্রামে তিনি লেখেন, “গত একটা মাস খুব কঠিন কেটেছে।”
সম্প্রতি ঈশিতা একটি ছবি শেয়ার করেছেন হাসপাতালের বিছানা থেকে, যেখানে তাঁর ও বায়ুর হাত ধরা দেখা যাচ্ছে। দু’জনের হাতেই স্যালাইনের চ্যানেল করা। ছবির সঙ্গে তিনি ক্যাপশনে লেখেন, “এটা খুব কঠিন একটা মাস ছিল… যখন আমার সদ্যোজাত শিশুটির পাশে থাকার কথা ছিল, তখন আমাকে হাসপাতালে ছুটতে হয়েছে।” তবে অনুরাগীদের আশ্বস্ত করে তিনি জানান, “ভাগ্যক্রমে, এখন আমি এবং বায়ু—দু’জনেই অনেকটাই সুস্থ।” নিজের ওজন কমে যাওয়া নিয়ে ভক্তদের কৌতূহলের জবাবে তিনি জানান, “অনেকেই আমার ওজন কমে যাওয়া নিয়ে জানতে চাইছেন। তাঁদের বলি, এটা ইচ্ছাকৃত নয়, অসুস্থ থাকার ফলেই এমন হয়েছে।”
২০২৩ সালের ১০ জুন, ঈশিতা ও তাঁর স্বামী, অভিনেতা বৎসল শেঠ তাঁদের কন্যাসন্তান ‘বেদা’র জন্মের সুখবর সামাজিক মাধ্যমে শেয়ার করেন। একটি ভিডিও ক্লিপে দেখা যায়, পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁরা কাপড়ের দোলনায় তাঁদের নবজাতককে দোল খাওয়াচ্ছেন। ভিডিওর মধ্যেই সন্তানের নাম ‘বেদা’ ঘোষণা করা হয়।
কাজের দিক থেকে ঈশিতা আগামীতে ‘দৃশ্যম ৩’ ছবিতে নিজের চরিত্রে আবারও পর্দায় ফিরবেন। এই ছবিতে অভিনয় করছেন অজয় দেবগণ, শ্রিয়া শরণ, তব্বু, রজত কাপুর-সহ আরও অনেকে। এছাড়া তিনি টেলিভিশনে ‘এক ঘর বনাউঙ্গা’, ‘রিশতো কা সওদাগর – বাজিগর’, ‘বেপনাহ’, ‘খতরা খতরা খতরা’, ‘সির্ফ তুম’-এর মতো ধারাবাহিকে কাজ করেছেন। পাশাপাশি তিনি ‘নাচ বলিয়ে ৬’ এবং ‘বিগ বস ১৩’-এর মতো রিয়েলিটি শোতেও অংশ নিয়েছেন। ২০১৭ সালের ২৮ নভেম্বর মুম্বইতে ঈশিতা ও বৎসল বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০২৩ সালের মার্চ মাসে তাঁরা গর্ভাবস্থার ঘোষণা করেন এবং ওই বছরের ১৯ জুলাই তাঁদের প্রথম সন্তান বায়ুর জন্ম হয়।
