তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে চলতে থাকা ধর্মঘটকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি অব্যাহত। কর্মচারী ফেডারেশনের উদ্যোগে শুরু হওয়া এই ধর্মঘটের বিরোধিতা করেছে প্রযোজক পরিষদ ও তেলুগু ফিল্ম চেম্বার অব কমার্স (TFCC)। এরই মধ্যে TFCC একটি প্রস্তাব পাশ করেছে, যেখানে জানানো হয়েছে—প্রযোজকদের অধিকার রয়েছে যেকোনও কর্মীকে যুক্তিসঙ্গত মজুরিতে কাজের জন্য নিয়োগ করার।
সমস্যার সমাধানে সব পক্ষের সঙ্গে একাধিক বৈঠক চলছে। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে একটি ‘খবর’, যেখানে দাবি করা হয়েছে—মেগাস্টার চিরঞ্জীবী নাকি ধর্মঘটরত কর্মীদের আশ্বাস দিয়েছেন যে, তাঁদের দাবি পূরণ হবে। তবে অভিনেতা তাঁর এক্স (পূর্ববর্তী টুইটার) প্ল্যাটফর্মে স্পষ্টভাবে এই দাবি খণ্ডন করেছেন।
চিরঞ্জীবী তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, “আমার নজরে এসেছে যে ফিল্ম ফেডারেশনের কিছু সদস্য দাবি করেছেন আমি তাঁদের সঙ্গে দেখা করে ৩০ শতাংশ বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দিয়েছি এবং খুব শিগগিরই শুটিং শুরু করব। আমি স্পষ্ট করে জানাতে চাই—আমি ফেডারেশনের কারও সঙ্গে কোনও সাক্ষাৎ করিনি।”
একইসঙ্গে তিনি আরও লেখেন, “এটি গোটা ইন্ডাস্ট্রির সমস্যা, এবং কোনও একক ব্যক্তি — এমনকী আমিও নই — একতরফা আশ্বাস দিতে পারি না। তেলুগু ফিল্ম চেম্বারই আমাদের সর্বোচ্চ সংস্থা, এবং তারাই সব পক্ষের সঙ্গে আলোচনা করে ন্যায্য সমাধানের পথ খুঁজবে। ততক্ষণ পর্যন্ত এ ধরণের মিথ্যা দাবি সম্পূর্ণ অগ্রাহ্য করাই শ্রেয়।”
