তুরস্কের পশ্চিমাঞ্চলের সিনদিরগি শহরে রবিবার ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, এতে একজনের মৃত্যু হয়েছে বলে খবর। কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।
তুরস্কের ডিজাস্টার ম্যানেজমেন্ট সংস্থা (AFAD)জানিয়েছে, ইস্তানবুল ও পর্যটনকেন্দ্র ইজমিরসহ আশপাশের কয়েকটি শহরে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, ৮১ বছর বয়সি এক ব্যক্তিকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছিল। কিন্তু উদ্ধার করার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।
তিনি আরও জানান, এই ভূমিকম্পের ফলে বহু ভবন ধসে পড়েছে । অন্তত ২৯ জন আহত হয়েছেন, তবে তাদের কারোর অবস্থা গুরুতর নয়।
এই ভূমিকম্পে সিনদিরগি ও আশপাশে মোট ১৬টি ভবন ধসে পড়ে। ওই ভবনগুলির মধ্যে ৪টিতে মানুষ বসবাস করত। শহরের কেন্দ্রস্থলে একটি তিনতলা ভবনও ধসে পড়ে। সেখানে ছয়জন বাস করতেন। ধ্বংসস্তূপ থেকে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে যিনি মারা গেছেন, তিনিও ওই ভবনের ধ্বংসস্তূপে আটকে ছিলেন।
মেয়র সেরকান সাক জানান, চারজনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে । দুর্ঘটনাস্থলে ৩১৯ জন উদ্ধারকর্মী মোতায়েন রয়েছেন।
তুরস্কের ডিজাস্টার ম্যানেজমেন্ট জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে এবং এরপরে প্রায় ২০টি আফটারশক অনুভূত হয়, যেগুলোর মাত্রা ছিল ৩.৫ থেকে ৪.৬।
এমনিতেই তুরস্ক ভূমিকম্পপ্রবণ দেশ, যেখানে অতীতে বড় ধরনের ভূমিকম্প ভয়াবহ ক্ষয়ক্ষতি করেছে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক ভূমিকম্পে অন্তত ৫৩,০০০ মানুষের মৃত্যু হয়েছিল। চলতি বছরের জুলাইয়ের শুরুতেও ৫.৮ মাত্রার ভূমিকম্পে একজন নিহত ও ৬৯ জন আহত হয়েছিলেন। এবারেও একজনের মৃত্যু হল।
