বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের এক্স হ্যান্ডলে লম্বা পোস্ট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পোস্টে উঠে এল সম্প্রতি মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি ‘কেশরী চ্যাপ্টার ২’-এর প্রসঙ্গও, যেখানে স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুকে ‘সিং’ বানিয়ে দেওয়া হয়। এদিনের পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, “একবার বিদায় দে মা ঘুরে আসি
হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী’ বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে জানাই সশ্রদ্ধ প্রণাম। একটা কথা লিখি। সম্প্রতি একটি হিন্দি ছবিতে বিপ্লবী ক্ষুদিরামকে ‘সিং’ বলা হয়েছে। স্বাধীনতার জন্য যাঁরা জীবন দিয়েছেন তাঁদের অপমান করা হচ্ছে কেন? পথিকৃৎ অমর বিপ্লবী ক্ষুদিরামকে ধরেও টানাটানি করবে ভাষা-সন্ত্রাসীরা?”
পোস্টে রীতিমতো বিরক্তি প্রকাশ করে তিনি লিখেছেন, “আমাদের মেদিনীপুরের অদম্য কিশোরকে দেখানো হয়েছে পঞ্জাবের ছেলে হিসেবে। অসহ্য! আমরা কিন্তু সবসময় দেশপ্রেম ও সর্বোচ্চ আত্মত্যাগের প্রতীক এই মানুষটিকে শ্রদ্ধা জানিয়েছি।” ক্ষুদিরামকে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নানাবিধ কর্মকাণ্ডের কথাও লিখেছেন পোস্টে। তবে বাংলা ভাষা ও বাঙালি নিয়ে যখন বিতর্ক ও চর্চা তুঙ্গে, সেই আবহে ‘ভাষা সন্ত্রাসী’দের বিরুদ্ধে ফের সুর চড়ালেন মমতা।
এর আগে অক্ষয় কুমার অভিনীত ‘কেশরী চ্যাপ্টার ২’ ছবির প্রযোজকদের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় এফআইআর দায়ের করা হয়। রাজ্যের স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কিত ঐতিহাসিক তথ্য বিকৃত করার অভিযোগে মামলা দায়ের হয়। সিনেমায় ক্ষুদিরাম বসুকে “ক্ষুদিরাম সিং“ ও বারীন্দ্রকুমার ঘোষকে “বীরেন্দ্র কুমার“ বানিয়ে অমৃতসরের বাসিন্দা হিসেবে তুলে ধরা হয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায় তৃণমূল। ইচ্ছে করেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করা হয দলের তরফে। আজ ক্ষুদিরামের প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে করা পোস্টেও সেই ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী।
