আলাপ-পরিচয় সেই ২০১৬ সাল থেকে। কমবেশি ১০ বছর একত্রবাস। রয়েছে ৫ ছেলে-মেয়ে। অবশেষে বাগদানের আংটি আঙুলে গলিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে সমাজমাধ্যমে ছবি পোস্ট করলেন জর্জিনা রদ্রিগেজ। ইনস্টাগ্রামে দেওয়া আর্জেন্টাইন-স্প্যানিশ মডেলের সেই পোস্ট ভাইরাল হতে বেশি সময় নেয়নি। দুই তারকার অনুরাগীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি হিরের আংটির মান আর দাম ঘিরেও প্রতিক্রিয়া দিয়েছেন।
বাগদানের আংটি পরে জর্জিনার ছবি পোস্ট অবশ্য এই প্রথম নয়। গত এপ্রিলেও এমন একটি ছবি ভাইরাল হয়েছিল। ফলে খাতায় কলমে বিয়েপর্ব কবে হয়েছে বা হবে, তা নিয়েও চলছে জোরদার চর্চা। বান্ধবী জর্জিনা রদ্রিগেজের আগের পোস্টের মতোই, এবারের পোস্ট ঘিরেও, কোনও প্রতিক্রিয়া বা মন্তব্য এখনও পর্যন্ত করেননি ”সিআর সেভেন”।
পর্তুগাল জাতীয় দলের অপরিহার্য ফুটবলার রোনাল্ডো, বর্তমানে ক্লাব ফুটবলে সৌদি আরবের আল নাসেরের সঙ্গে যুক্ত। ক্লাব ফুটবলে বেশ কয়েক বছর ইতালির জুভেন্তাস ও ম্যানচেস্টার ইউনাইটেডেও খেলেছেন। তাঁর রিয়াল মাদ্রিদে থাকার সময়ই মডেল অভিনেত্রী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে প্রেমের পর্ব শুরু। ২০১৬ থেকে প্রেমপর্ব শুরু হলেও, যুগলের ছবি ফ্রেমবন্দি হয়েছে ২০১৭ সালের জানুয়ারিতে। জুরিখে ফিফার ব্যালন ডি অর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।
মডেল অভিনেত্রী জর্জিনা, নেটফ্লিক্সের ‘আই অ্যাম জর্জিনা সিরিজ’-এ তাঁদের একত্রবাসের বেশ কিছু কাহিনিও অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন। বলেছেন, বিলাসবহুল ফ্যাশন সেন্টার ”গুচ্চি”-তে থাকাকালীন তাঁর সঙ্গে কীভাবে দেখা করতে আসতেন পর্তুগালের তারকা ফুটবলার। বুগাটি চেপে আসা রোনাল্ডোকে দেখে স্টোরে তাঁর সহকর্মীরা কেমন পাগল হয়ে উঠেছিল সেই কাহিনিও তুলে ধরেছেন নেটফ্লিক্সে। জর্জিনা তাঁর প্রেমিক রোনাল্ডোর প্রথম প্রতিক্রিয়াও শেয়ার করেছেন ফ্যানেদের সঙ্গে। বলেছিলেন “তুমি খুব আকর্ষণীয়, তবে বয়সের তুলনায় অনেক বেশি পরণত”।
এদিকে আর্জেন্টাইন-স্প্যানিশ মডেলের বাগদানে পাওয়া হিরের আংটি ঘিরে ভক্তদের উচ্ছ্বাস ও মাতামাতির খামতি নেই। কমবেশি ৫ সেন্টিমিটার লম্বা হিরে বসানো আংটিতে রয়েছে ডিম্বাকৃতির একটা বড় হিরে। যার দুদিকে রয়েছে আরও ২টি ছোট হিরে। গয়না বিশেষজ্ঞদের মত, বড় হিরেটি কমপক্ষে ১৫ ক্যারাটের, টুকরোগুলো ১ ক্যারেটের মতো। প্রিমিয়াম কোয়ালিটির হিরের আংটির বাজারমূল্য ভারতীয় টাকায় কমবেশি ৪২ কোটির।
