আইএফএ-র সিএফএল প্রিমিয়ার ডিভিশনে সঙ্কট। কলকাতা ফুটবল লিগে তাদের বাকি ম্যাচ আপাতত খেলতে না চেয়ে ফের চিঠি পাঠাল মোহনবাগান সুপার জায়েন্ট। বুধবার মেসার্সের বিরুদ্ধে লিগ ম্যাচ খেলতে নামার কথা ময়দানের শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগানের। মোহনবাগান মাঠ থেকে সরিয়ে সেই ম্যাচ দেওয়া হয়েছে নৈহাটিতে। তবে মাঠের জন্যে নয়, ডুরান্ড ম্যাচের কারণেই আপাতত লিগের ম্যাচ খেলতে চাইছে না সবুজ-মেরুন শিবির।
হোসে মোলিনার মোহনবাগান ডুরান্ড কাপে এবার দুরন্ত ছন্দে। গতবারের রানার্স দল এবার খেতাব জয়ের অন্যতম দাবিদার। তাই ফুটবলারদের চোট আঘাতের কথা ভেবেই কলকাতা লিগের ম্যাচ আপাতত না খেলার সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট কর্তৃপক্ষ। গত ৮ আগস্ট চিঠি পাঠিয়ে অনুরোধ করা হয়েছিল নিয়ামক সংস্থা আইএফএর কাছে। কিন্তু আইএফএ মোহনবাগানের সেই চিঠিকে অগ্রাধিকার দেয়নি। তাই বুধবার মোহনবাগান মাঠেই দেওয়া হয়েছিল মেসার্সের বিরুদ্ধে লিগের ম্যাচ।
ব্রডকাস্ট ব্যবস্থা তৈরি না থাকায় মোহনবাগান মাঠ থেকে সেই ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নৈহাটি স্টেডিয়ামে। নিয়ামক সংস্থা তাদের অনুরোধে সাড়া না দেওয়ায় ফের চিঠি পাঠাল মোহনবাগান কর্তৃপক্ষ। ক্লাব সূত্রে খবর, কেন তারা লিগের ম্যাচ আপাতত খেলবে না তা লিখিত আকারেও জানিয়ে দেওয়া হয়েছে।
মোহনবাগানের বক্তব্য, ডুরান্ড কাপের জন্য ১৮ জন ফুটবলারের নাম নথিভুক্ত করা হয়েছে। তার মধ্যে ৮–৯ জন নিয়মিত খেলছেনও। এঁদের অধিকাংশই জুনিয়র। কলকাতা লিগেও বেশ কয়েকজন ফুটবলার ডুরান্ডের ম্যাচে নিয়মিত খেলছেন। একই সময়ে দুটি টুর্নামেন্ট চলতে থাকায় ফুটবলারদের কেউ চোট পেয়ে গেলে সমস্যায় পড়বে ক্লাব। ফুটবলারদের কথা ভেবেই লিগের ম্যাচ আপাতত না খেলারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোহনবাগানের দু-দুটি চিঠির প্রেক্ষিতে আইএফএর পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।
