শেষ হল কায়রন পোলার্ডের জমানা। আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (CPL) ত্রিনবাগো নাইট রাইডার্স (TKR) এর নয়া অধিনায়ক নির্বাচিত হলেন নিকোলাস পুরান। বৃহস্পতিবার নাইট ফ্র্যাঞ্চাইজির তরফে একটি বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২০১৯ থেকে নেতৃত্বের ভার সামলানো পোলার্ডের হাত থেকে এ বার ব্যাটন তুলে দেওয়া হবে নিকোলাস পুরানের হাতে।
এখনও পর্যন্ত আইপিএল মাত্র ৩ বার জিতলেও সিপিএলে মোট ৪ বার শিরোপা জিতে নিয়েছে শাহরুখ খানের নাইট শিবির। এর মধ্যে গত ২০২০ সালে পোলার্ডের নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয় ত্রিনবাগো নাইট রাইডার্স। তবে এ বার হাত বদল হচ্ছে ব্যাটনে। বেছে নেওয়া হয়েছে নিকোলাস পুরানকে। যিনি গত ২০২২ সালে টিকেআরে যোগ দিলেও তার আগে ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত ত্রিনিদাদ ও টোবাগো’র দলে খেলেছেন।
নয়া দায়িত্ব পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত পুরান। তিনি বলেন, “ট্রিনবাগো নাইট রাইডার্সের প্রতিনিধিত্ব করা একটা দুর্দান্ত ব্যাপার। এই ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাচ্ছি, এটি একটি সৌভাগ্যের বিষয়। আমি আমার সেরাটা দিতে চাই এবং আশা করি যতটা সম্ভব সঠিক সিদ্ধান্ত নেব।” আরও যোগ করেছেন, “এটি এমন একটি দায়িত্ব যা এক সময় ডোয়েইন ব্র্যাভোর (২০১৩ – ২০১৯) কাঁধে ছিল। এর পর পোলার্ড (২০১৯ – ২০২৪)। আর এখন আমার কাঁধে অর্পিত হয়েছে। আমার জন্য সবচেয়ে ভাল বিষয় হল পোলার্ড এখনও খেলছেন। সুনীল নারাইন এবং আন্দ্রে রাসেলও এখানে আছেন।”
এতেই শেষ নয়। ২০১৫ সালে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন পুরান। সেই স্মৃতি টেনে তাঁর কথায়, “ওই দুর্ঘটনাটি কাটিয়ে ওঠার পর পোলার্ড আমাকে বার্বাডোস ফ্র্যাঞ্চাইজিতে নিয়ে যান। যেখানে তিনি আমার অধিনায়ক ছিলেন। এরপর আমরা অবশ্য আবার ফেরত এসেছি টিকেআরে।” বলেন, “যদিও আমরা এখনও পর্যন্ত একসাথে কোনও শিরোপা জিততে পারিনি। তবে আমি আশাবাদী যে আমরা এই বছর তা করতে পারব।”
