সম্প্রতি #AskSRK সেশনে ফ্যানদের সঙ্গে সরাসরি কথা বলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। শুধু তাই নয়, পরবর্তী সিনেমা নিয়ে আপডেট দিয়েছেন।
ফ্যানদের এক প্রশ্নের জবাবে শাহরুখ খান নিশ্চিত করেছেন, তাঁর পরবর্তী সিনেমার নাম “কিং”। একজন অনুরাগী প্রশ্ন করেছিলেন, “আপনার পরবর্তী সিনেমা কখন রিলিজ হবে? কি সেটা ‘কিং’ নাকি অন্য কোনও সিনেমা?”
শাহরুখ খান নিজে উত্তর দিয়েছেন, “Just KING….নাম তো শুনেছেন নিশ্চয়?”
আরেক ফ্যান প্রশ্ন করেছিলেন, “আপনার পরবর্তী সিনেমা কখন আসছে? #ASKSRK”। শাহরুখ খান আরও একটি হিন্ট দিয়েছেন। বলেছেন, সিদ্ধার্থ আনন্দ সত্যিই ‘কিং’ নিয়ে ব্যস্ত আছেন। তিনি লিখেছেন, “কিছু ভালো শুটিং করেছি….শীঘ্রই আবার শুরু হবে। প্রথমে শুধু পায়ের শট, তারপর উপরের অংশে যাব। ইনশাআল্লাহ, দ্রুত শেষ হবে। @justSidAnand অনেক কঠোর পরিশ্রম করছেন।”
এর আগে, কিছু অনলাইন রিপোর্টে বলা হয়েছিল, শাহরুখ খান ‘কিং’-এর শুটিং করতে গিয়ে নাকি আঘাত পেয়েছেন। যদিও আঘাত গুরুতর নয়। তবে তাতে সিনেমার শিডিউলে কিছুটা বিলম্ব হয়েছে। আবারও শুটিং সেপ্টেম্বর মাসে শুরু হওয়ার কথা।
জানা গিয়েছে যে, শাহরুখ খান অতীতে বিভিন্ন শুটিংয়ে আঘাত পেয়েছেন। মাঝে মাঝে সেই আঘাতগুলো আবার সমস্যার সৃষ্টি করে। চিকিৎসার জন্য তিনি প্রায়ই আমেরিকায় যান। এইতো জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে আমেরিকা গিয়েছিলেন কিং খান। এর আগে, কিছু রিপোর্টে বলা হয়েছিল, তিনি নাকি শুটিংয়ে নাকে আঘাত পেয়েছেন। পরে ছোট একটি নাসাল সার্জারি করতে হয়।
উল্লেখ্য, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ একটি অ্যাকশন থ্রিলার সিনেমা হবে। পাঠান ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে ফেজুটি বাঁধছেন শাহরুখ। সিনেমাটিতে শাহরুখের কন্যা সুহানা খানও থাকবেন। জানা গিয়েছে, সিনেমার থিয়েট্রিক্যাল রিলিজ হবে ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে। সিনেমায় থাকছেন দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখার্জি, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি, অভয় বর্মা সহ প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা। আপাতত শুটিং শুরু হওয়ার অপেক্ষায় ভক্তরা।
