একটা সময় ভারত ছিল অখণ্ড।আজ যেটা পাকিস্তান, তা ছিল ভারতেরই অংশ।কিন্ত ভারত ভাগ গোটা ভূখণ্ডকে আলাদা করে দিয়েছে। এই দেশভাগকে আজও মেনে নিতে পারেননি বহু মানুষ।এবার সেই ভাগ হওয়া দেশ থেকেই ফের অখণ্ড ভারতের স্বপ্ন দেখলেন মধ্যপ্রদেশের মন্ত্রী ও বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়।
সংবাদসংস্থার খবর অনুযায়ী শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ইন্দোরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে করা বিজয়বর্গীয়র একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। প্রচার হওয়া ভিডিয়োতে ( যদিও ওই ভিডিয়োর সত্যতা জাজবাত বাংলা ডট কম যাচাই করে নি) তাঁকে বলতে বলতে শোনা যায়,“ভুল নীতির কারণে ভারতমাতা দুই ভাগে বিভক্ত হয়েছিল। যে স্বাধীনতার জন্য ভগৎ সিং ফাঁসির মঞ্চে হাসিমুখে প্রাণ দিয়েছিলেন, তা আমরা ১৫ অগস্ট পাইনি। আমরা পেয়েছিলাম একটি ‘কাটি-ফাটি আজাদি’।” বিজেপি নেতা বিজয়বর্গীয় আরও বলেন,“আমরা অখণ্ড ভারতের স্বপ্ন দেখি। একদিন ইসলামাবাদে তেরঙ্গা উড়বে এবং সেই স্বপ্ন বাস্তব হবে।”
এই অনুষ্ঠানে কথা বলার সময় তিনি পহেলগামে সন্ত্রাসী হামলার প্রসঙ্গও টেনে আনেন।‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ উত্থাপন করে তিনি দাবি করেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় সেনারা পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি কার্যকলাপকে গুঁড়িয়ে দিয়েছে। ভারত যে প্রতিরক্ষা ক্ষেত্রে অনেক আধুনিক হয়েছে সে তথ্যও তুলে ধরেন তিনি।
