ফের মাওবাদী হামলা ছত্তিশগড়ে। মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে শহিদ হলেন এক জওয়ান। গুরুতর জখম হয়েছেন আরও দুই জওয়ান। সোমবার সকালে ছত্তিশগড়ের বিজাপুরে এই ঘটনা ঘটে।
সম্প্রতি গোটা দেশের সঙ্গে ছত্তিশগড়েও মাওবাদীদের বিরুদ্ধে জোরদার অভিযান চলছে। এই অভিযানে নিহত হয়েছে একাধিক শীর্ষ মাওনেতা। সোমবার সকালে ইন্দ্রবতী জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় রুটিন তল্লাশি চলছিল মাওবাদীদের বিরুদ্ধে। ছত্তিশগড় পুলিসের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এই অভিযান চালাচ্ছিল। জঙ্গলের মাঝে মাটির নীচে আইইডি পুঁতে রেখেছিল মাওবাদীরা। সোমবার তল্লাশি চলাকালীন জওয়ানরা ওই বিস্ফোরকের উপর পা দিতেই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে ছিন্নভিন্ন হয়ে যায় দীনেশ নাগ নামে এক জওয়ানের শরীর। গুরুতর আহত হয়েছেন আরও দুই জওয়ান। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান অন্য জওয়ানরা। দুই জওয়ান সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন, ২০২৬-এর মার্চ মাসের মধ্যেই গোটা দেশকে মাওবাদী মুক্ত করা হবে। সেই লক্ষ্য পূরণে অন্ধপ্রদেশ, ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের মতো রাজ্যগুলিতে জোরদার মাও বিরোধী অভিযান চলছে। সম্প্রতি ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছেন একাধিক শীর্ষ মাও নেতা। বিজাপুরে এদিন মাওবাদীরা সেই হামলারই পাল্টা জবাব দিল বলে মনে করা হচ্ছে। কেন্দ্র চেষ্টা করলেও দেশ থেকে যে মাওবাদীরা পুরোপুরি মুছে যায়নি বিজাপুরের ঘটনা তারই প্রমাণ। জুলাই মাসে ঝাড়খণ্ডের বোকারোতেও মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে এক জওয়ান শহিদ হয়েছিলেন।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
