সবকিছু ঠিকঠাক থাকলে প্রাক্তন অজি পেসার গ্লেন ম্যাকগ্রাকে টিম ইন্ডিয়ার আগামী বোলিং কোচ হিসেবে নিয়োগ করা হতে পারে। সম্প্রতি শোনা যাচ্ছে এমনটাই। একটি সূত্র জানিয়েছে, দলের হেড কোচ গৌতম গম্ভীর স্বয়ং বোলিং ইউনিটকে শক্তিশালী করার জন্য ম্যাকগ্রাকে দলে নিতে আগ্রহী। ফলে চাকরি যাওয়ার উপক্রম হয়েছে গম্ভীরের আরেক সুহৃদ মর্নি মর্কেলের।
গত বছর গুরু গম্ভীর দায়িত্ব নেওয়ার পর পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট। সম্প্রতি রোহিত শর্মা অবসর নেওয়ার পর টেস্টে টিম ইন্ডিয়ার নয়া নেতা নির্বাচিত হয়েছেন শুভমন গিল। শোনা যাচ্ছে, আগামী দিনে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতেও অধিনায়ক করা হতে পারে তাঁকে। আর এবার সামাজিক মাধ্যমে আরও একটি খবর ভাইরাল হয়েছে যে ভারতের বোলিং কোচের পদেও পরিবর্তন করা হতে পারে।
গত অস্ট্রেলিয়া সফরে ভরাডুবির পর গম্ভীরের সহকারী কোচ অভিষেক নায়ারকে ছাঁটাই হতে হলেও অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন বোলিং কোচ মর্নি মর্কেল এবং ব্যাটিং কোচ রায়ান টেন দুশখাতে। তবে এ বার ভাইরাল হওয়া পোস্টটিতে দাবি করা হয়েছে, মর্কেলের জায়গায় অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রাকে নিয়ে আসার চিন্তাভাবনা শুরু হয়েছে দল তথা বোর্ডের অন্দরে।
আন্তর্জাতিক ক্রিকেটে ৯০০ টিরও বেশি উইকেট রয়েছে ম্যাকগ্রার ঝুলিতে। ২২ গজে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের সঙ্গে তাঁর লড়াইয়ের কাহিনী ক্রিকেটের লোকগাথায় ঢুকে গিয়েছে। সম্প্রতি ম্যাকগ্রা যুক্ত রয়েছেন চেন্নাইয়ে এমআরএফ ফাউন্ডেশনের সঙ্গে। অস্ট্রেলিয়ার আরেক খ্যাতনামা পেসার ডেনিস লিলির স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। তবে ম্যাকগ্রাকে বোলিং কোচ করা নিয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি বিসিসিআইয়ের তরফে।
নতুন কাউকে কোচ হিসেবে নিয়োগ করতে হলে বিজ্ঞপ্তি জারি করতে হয়। ম্যাকগ্রার ক্ষেত্রে তেমনটা না হওয়ায় খবরটির সত্যতা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। তা ছাড়া সম্প্রতি ইংল্যান্ড সফরে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ভারতীয় বোলাররা। যার নেপথ্যে মর্কেলের ভূমিকা অনস্বীকার্য। সেই সঙ্গে বোলিং কোচের পদে পরিবর্তন নিয়ে কোনও আপডেটও দেওয়া হয়নি বোর্ডের তরফে। সব মিলিয়ে তাই খবরটি ভুয়ো বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
