ক্রমেই কি অন্য পথে হাঁটা দিচ্ছে বিশ্ব? বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ও বৃহৎ অর্থনীতির প্রধান ডোনাল্ড ট্রাম্পের একচেটিয়া শুল্ক আরোপের পর সম্ভবত আরও কাছাকাছি আসতে চলেছে ভারত, চিন ও রাশিয়া। সদ্য রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মোদির ফোনে কথা ও জয়শঙ্করের মস্কো সফরের পর এবার চিন যাচ্ছেন প্রধানমন্ত্রী। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর থেকে সীমান্ত উত্তেজনা কমানোর চেষ্টার প্রেক্ষাপটে মোদির এই চিন সফর গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে।
এই সফরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে তাঁর। বৈঠকটি ৩১ আগস্ট তিয়ানজিনে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা। রাশিয়ার কাজানে গত বছরের ব্রিকস সম্মেলনে শেষবার একই মঞ্চে ছিলেন মোদি ও শি।
চিনের প্রধানমন্ত্রী শি জিনপিং এই এসসিও সম্মেলনে ২০টিরও বেশি দেশের প্রধানদের আমন্ত্রণ জানিয়েছেন, যা ‘গ্লোবাল সাউথ’-এর এক সংহতির প্রতীক হয়ে উঠতে চলেছে। সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প অন্যায্য ভাবে একাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছেন। এর মাঝেই গ্লোবাল সাউথকে ঐক্যবদ্ধভাবে সামনে আনার চেষ্টা করছে বেজিং।
